ওটিটিতে বেশ অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। দুই বছর পর আবার ওটিটিতে ফিরছেন অপূর্ব। অভিনয় করেছেন ‘হেডলাইন’ নামের সিরিজে। এটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ।
গতকাল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে হেডলাইন সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। পোস্টারে অপূর্বর সঙ্গে দেখা গেল ইয়াশ রোহানকে। ব্ল্যাক টাক্সিডো আর বো-টাই পরিহিত অপূর্ব ও ইয়াশ, তাঁদের চোখেমুখে তীক্ষ্ণতা। কোনো এক গোপন সত্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা।
দুজন যেন পুরোনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন। যা ইঙ্গিত দেয়, তারা কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশ করছেন। চারপাশের পুরোনো খবরের কাগজের উপস্থিতি সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করেছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে অপূর্ব লেখেন, ‘খবর, রহস্য, ষড়যন্ত্র—এক হেডলাইনের আড়ালে লুকিয়ে বহু অজানা সত্য। সত্যি কি অবশেষে প্রকাশ পাবে, নাকি চাপা পড়ে যাবে ক্ষমতার আড়ালে।’
হেডলাইনে অপূর্বর সঙ্গে আরও দেখা যাবে আফসান আরা বিন্দুকে। একসময় টিভি নাটকের নিয়মিত জুটি ছিলেন তাঁরা। বিয়ের পর অভিনয় থেকে বিন্দু নিজেকে গুটিয়ে নেওয়ায় দীর্ঘদিন পর্দায় একসঙ্গে দেখা মেলেনি তাঁদের।
প্রায় এক দশকের বিরতি কাটিয়ে ২০২৩ সালে ‘উনিশ২০’ ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফেরেন বিন্দু। এতে তাঁর সহশিল্পী ছিলেন আরিফিন শুভ। এরপর আবার চলে যান আড়ালে। তিন বছরের বিরতির পর এবার ওয়েব সিরিজ দিয়ে ফিরছেন এই অভিনেত্রী। হেডলাইন সিরিজে আরও অভিনয় করেছেন সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যা প্রমুখ।
সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যে রকমের গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের, আমরা ঠিক সেই ধরনের গল্পই দর্শকের জন্য তৈরি করেছি। হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’