অভিনয়ের পাশাপাশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর গল্প ভাবনায় নির্মিত হয়েছে অনেক নাটক। তাঁর গল্পে প্রথম নাটক নির্মাণ করেন চয়নিকা চৌধুরী। ২০০৭ সালে প্রচার হয়েছিল ‘স্বপ্নের নীল পরী’ নামের নাটকটি। এরপর ‘এক টুকরো নীল’, ‘ভালোবাসার শুরু’, ‘ফিরে আসা’সহ বেশ কিছু নাটক তৈরি হয়েছে অপূর্বর গল্পে।
এবার অপূর্বর লেখা গল্পে নাটক পরিচালনা করলেন তানিম রহমান অংশু। নাম ‘অচেনা আমি’। শুধু গল্পই নয়, এই নাটকের চিত্রনাট্যও লিখেছেন অপূর্ব। নাটকে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নাজনীন নাহার নিহা। কোরবানি ঈদের দ্বিতীয় দিন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এটি। নাটকের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় অপূর্ব লেখেন, ‘সব চেহারাই কি চেনা? নাকি সব চেনা মানুষের আড়ালেও লুকিয়ে থাকে এক অচেনা আমি? ভালোবাসা আর আত্মপরিচয়ের এক অদ্ভুত সমীকরণ নিয়ে আসছি আমরা।’
অচেনা আমি নাটকটি নিয়ে তানিম রহমান অংশু বলেন, ‘রোমান্টিক ঘরানার গল্পে নির্মিত হয়েছে নাটকটি। প্রেমের গল্পের পাশাপাশি গুরুত্ব পেয়েছে মানুষের জীবনের উপলব্ধি, থাকবে প্রিয়জনকে হারিয়ে খুঁজে পাওয়ার গল্প। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের কাজ এর আগে করা হয়নি। গল্পটি যখন অপূর্ব আমার সঙ্গে শেয়ার করল, তখনই ভালো লেগে যায় আমার। ওই দিনই গল্পটির ভিজ্যুয়াল পরিকল্পনা সাজিয়ে ফেলি।’
নির্মাতা অংশু জানালেন, এ নিয়ে দ্বিতীয়বার কোনো নাটকের চিত্রনাট্য লিখলেন অপূর্ব। এর আগে নিজের পরিচালিত একমাত্র টেলিফিল্মের চিত্রনাট্য করেছিলেন অভিনেতা। ওই কাজটিতেও যুক্ত ছিলেন অংশু। সেই টেলিফিল্মের পোস্ট প্রোডাকশনের কাজ করেছিলেন তিনি।
অংশু বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গল্প বলার ক্ষেত্রেও অপূর্ব খুব ভালো। গল্পের সঙ্গে মিল রেখে চমৎকারভাবে সিকোয়েন্স সাজিয়েছে। অপূর্বর গল্পে যেমন বার্তা থাকে, তেমনি সিনেমাটিক একটা ভাইব থাকে। অচেনা আমি নাটকেও তেমন এক গল্প দেখবে দর্শক। এটি অপূর্বর করা দ্বিতীয় চিত্রনাট্য। ১০-১২ বছর আগে একটি টেলিফিল্ম পরিচালনা করেছিল অপূর্ব। সেই কাজটির চিত্রনাট্য করেছিল সে। পোস্ট প্রোডাকশনের সঙ্গে আমি ছিলাম। এত বছর পর আবার চিত্রনাট্য লিখল অপূর্ব। সেটি আমি পরিচালনা করছি। সব মিলিয়ে দারুণ অনুভূতি।’
এদিকে, অপূর্বকে নিয়ে ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ বানানোর প্রস্তুতি নিচ্ছেন তানিম রহমান অংশু। এ বিষয়ে তিনি জানালেন, এখন চলছে ওয়েব সিরিজটি চিত্রনাট্যের কাজ। আগামী দুই মাসের মধ্যে সব চূড়ান্ত হয়ে যাবে। এ বছরেই শুরু হবে সিরিজের শুটিং।