যুক্তরাষ্ট্রের ডালাসে নতুন মঞ্চনাটক নিয়ে আসছে নাটকের দল রঙ্গমঞ্চ। হুমায়ূন আহমেদের গল্প ‘জ্বীন কফিল’ অবলম্বনে একই শিরোনামে নাটকটি নির্মাণ করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা ফরহাদ হোসেন। দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে নাটকটির। প্রথম প্রদর্শনী হবে ২০ জুন সন্ধ্যা ৭টায়, দ্বিতীয় প্রদর্শনী ২১ জুন সন্ধ্যা ৬টায়।
নির্দেশক জানিয়েছেন, জ্বীন কফিল মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে রহস্য, ভয়, মানসিক টানাপোড়েন ও ফ্ল্যাশব্যাকের জটিল নির্মাণ এক ভিন্নধর্মী আবহ তৈরি করেছে। মিসির আলি সিরিজের এই গল্পে দেখা যায়, গ্রামের এক নারী নিজের জীবনের অদ্ভুত ঘটনাকে ‘জ্বীনের আসর’ বলে বিশ্বাস করলেও রহস্যের অনুসন্ধানে এগিয়ে আসেন মিসির আলি।
ফরহাদ হোসেন জানিয়েছেন, হুমায়ূন আহমেদের প্রতি ভালোবাসা এবং তাঁর ভিন্নধর্মী সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহ থেকেই ‘জ্বীন কফিল’কে মঞ্চে আনার পরিকল্পনা শুরু হয়। নাটকটি প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, ‘প্রথম দিকে অনেকে বলেছিলেন এই গল্প স্টেজের জন্য উপযোগী নয়। কিন্তু দলীয় সদস্যদের উৎসাহ থেকেই শেষ পর্যন্ত শুরু হয় নাট্যরূপের কাজ। এটা মূলত অডিও-ভিডিও, লাইটস ও লাইভ অভিনয়ের সমন্বয়। এই নাটকের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শক। আমরা চেষ্টা করেছি গল্পটিকে ভিন্নভাবে মঞ্চে উপস্থাপন করতে। দর্শক যেন গল্পের পুরো আবহটাকে উপভোগ করতে পারেন।’
ফারহাদ জানিয়েছেন, প্রথমে মনজুর চৌধুরী রাজীব গল্পটির নাট্যরূপ তৈরি করেন। পরে ফ্ল্যাশব্যাক, দৃশ্যান্তর ও নাটকীয়তার নানা পরিবর্তনের মধ্য দিয়ে চিত্রনাট্য তৈরি করেন ফরহাদ হোসেন। লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং ঘনিষ্ঠ সহকারী পরিচালক জুয়েল রানা স্ক্রিপ্ট পড়ে মতামত দিয়েছেন। একই সঙ্গে নাটকটির জন্য আনুষ্ঠানিক অনুমতিও নেওয়া হয়েছে।
জ্বীন কফিল নাটকে অভিনয় করছেন ২৪ জন প্রবাসী শিল্পী। সংগীত পরিচালনা করছেন মকসুদ জামিল মিন্টু, যিনি হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।