সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
সুজিত মোস্তফার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে সাদা শেফালী গানের ভিডিও। এতে মডেল হয়েছেন মোহনা মীম। নৃত্য পরিকল্পনা করেছেন সুজিত মোস্তফার স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদ। পরিচালনায় ছিলেন সুজিত মোস্তফার মেয়ে অপরাজিতা মোস্তফা।
সুজিত মোস্তফা জানালেন, সাদা শেফালী গানটি তৈরির পেছনের গল্প। গানটির গীতিকার জাহিদুল ইসলাম তাঁর ভক্ত, যাঁর বাড়ি পটুয়াখালী। প্রায় এক বছর আগে গানটি লিখে পাঠান তিনি। মূলত জাহিদুলের উৎসাহেই গানটি তৈরি হয়।
সুজিত মোস্তফা বলেন, ‘গানটি সুর করার পর জাহিদুল ইসলাম বলল, এটা কি একটু রেকর্ড করা যায়। বললাম, দেখো গান সুর করলাম, খরচ নিলাম না, গেয়ে দিলাম, খরচ নিলাম না কিন্তু রেকর্ডিংয়ের তো অনেক খরচ। সে থতমত খেয়ে গেল। বেশ কিছুদিন পরে বলল, আমি কিছু টাকা জোগাড় করেছি আপনি যদি সেটা নেন...। আমি বিব্রত হয়ে সেই টাকা না নিয়ে গানটা রেকর্ডিংয়ের উদ্যোগ নিলাম।’
নতুন এই গানটি নিয়ে সুজিত মোস্তফা আরও বলেন, ‘প্রথমে গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে আমার এক খুদে ছাত্র নাফি। এরপর এক ঘরোয়া আড্ডায় বন্ধু শওকত আলী ইমন গানটা শুনে বলল, সুজিতদা আমি এটার মধ্যে একটু প্রফেশনাল টাচ দিতে চাই। মিউজিক শুনে জাহিদ এবার বলল, স্যার, এবার কি একটা ভিডিও করা যায়? আমি বললাম যে সবই তো তুমি খরচের ধাক্কা দিচ্ছ, তারপরেও গানটা যেহেতু অনেকেই পছন্দ করছে, আমি ভিডিওটাও তৈরি করলাম। মোহনা মীমকে পেলাম মডেল হিসেবে। আমার স্ত্রী মুনমুন আহমেদ ডান্স কোরিওগ্রাফি এবং ডিরেকশন দিল। সিফাত হাসান সিনেমাটোগ্রাফি আর আমার মেয়ে অপরাজিতা এটার এডিটিং এবং কালার গ্রেডিংসহ সবটাই করে দিল। আশা করি সবার ভালো লাগবে।’