১৯ জুলাই ছিল প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। দিবসটিকে ঘিরে হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী এস আই টুটুল। গানের শিরোনাম ‘মন’। ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা, কেন এত মায়ায় জড়ালি, তোরে ছাড়া কী করে থাকিব’—এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন মিয়া নূর। ১৮ জুলাই রাতে গানটি প্রকাশিত হয়েছে এস আই টুটুল অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
এস আই টুটুল জানিয়েছেন, হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানাতে আগে থেকেই পরিকল্পনা করে, সময় নিয়ে গানটি রেকর্ডিং হয়েছে। নতুন এই গান নিয়ে এস আই টুটুল বলেন, ‘মন শিরোনামের নতুন গানটি উৎসর্গ করছি হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে কিছু মানুষ থাকেন, যাঁরা হারিয়ে গেলেও থেকে যান বুকের ভেতরেই। স্যার আমার জীবনে তেমনই একজন। পিতৃতুল্য মানুষটির বসবাস আমার বুকের মধ্যেই। তাঁর সঙ্গে কতশত স্মৃতি, তা বলতে গেলে শেষ হবে না। স্যার আমাকে সন্তানের মতো ভালোবাসতেন, খুব মায়া করতেন। আমি জানি, সবার জীবনেই এমন কোনো মানুষ আছে বা থাকবে, তোমরা তাঁদেরকে গানটি উৎসর্গ করতে পারো।’
বেশ কয়েক বছর আগে এস আই টুটুল স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে নিয়মিত গান করছেন। মন গানটির রেকর্ডিং করেছেন যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সম্প্রতি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এস আই টুটুলের গাওয়া আরও একটি নতুন গান ‘মন ভালো নেই’। ফারুক আনোয়ারের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ।