হোম > বিনোদন > গান

লাতিন গ্র্যামিতে রোজালিয়ার অনন্য রেকর্ড

বিনোদন ডেস্ক

পুরস্কার হাতে রোজালিয়া। ছবি: সংগৃহীত

লাতিন গ্র্যামির ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করেছেন স্প্যানিশ পপ তারকা রোজালিয়া। প্রথম নারী শিল্পী হিসেবে তিনবার অ্যালবাম অব দ্য ইয়ার বা বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জয়ের রেকর্ড গড়েছেন তিনি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসেছিল ২৭তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। সেখানেই এই ইতিহাস গড়েন রোজালিয়া।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘লাক্স’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন রোজালিয়া। এর আগে ২০১৯ সালে ‘এল মাল কুয়েরের’ এবং ২০২২ সালে ‘মোটোমামি’ অ্যালবামের জন্যও তিনি এই পুরস্কার পান। এবারের আসরে সব মিলিয়ে পাঁচটি ট্রফি জিতেছেন তিনি। এর মধ্যে ‘লা পেরলা’ গানটি জিতেছে বর্ষসেরা গান এবং সেরা পপ গানের পুরস্কার। এ ছাড়া সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবাম এবং ‘সোভিনিয়ন ব্ল্যাঙ্ক’ গানের জন্য সেরা শর্টফর্ম মিউজিক ভিডিওর পুরস্কারও পান রোজালিয়া।

পুরস্কার হাতে নিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়ে রোজালিয়া বলেন, ‘যারা আমাকে বলত আমি যথেষ্ট ভালো শিল্পী নই বা আমার মিউজিক খুব অদ্ভুত; ভাগ্যিস তাদের কথায় আমি কান দিইনি। সে কারণেই এখন আমি এই পুরস্কারগুলো জিতেছি।’

এবারের আসরের আরেক বড় আকর্ষণ ছিলেন পুয়ের্তো রিকোর রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি। প্রথম লাতিন আরবান শিল্পী হিসেবে তিনি লাভ করেন ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সব গান নিয়ে মঞ্চ মাতান ড্যাডি ইয়াঙ্কি। তাঁর পারফরম্যান্সে ফ্রেঞ্চ মন্টানা ও এলএল কুল জের মতো র‍্যাপারদের পাশাপাশি যোগ দিয়েছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে লাতিন গ্র্যামির মঞ্চে পারফর্ম করেছেন দিলজিৎ।

লাতিন গ্র্যামির এবারের আসরে আরেকটি বড় চমক ছিল ববি পুলিদোর বিদায়ের ঘোষণা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সদস্য হিসেবে জয়লাভের ঠিক এক সপ্তাহ পর ক্যারিয়ারের তৃতীয় লাতিন গ্র্যামি জিতেছেন পুলিদো। ‘ববি পুলিদো অ্যান্ড ফ্রেন্ডস: উনা তুইয়া ই উনা মিয়া (ভলিউম ২/এন ভিভো)’ অ্যালবামের জন্য বেস্ট তেজানো অ্যালবাম বিভাগে এই পুরস্কার লাভ করেন তিনি। এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের মধ্য দিয়েই সংগীতজগৎ থেকে অবসরের ঘোষণা দেন পুলিদো। এখন থেকে রাজনীতিতেই পুরোপুরি মনোনিবেশ করতে যাচ্ছেন এই তারকা।