আজ ঢাকায় অনুষ্ঠিত হবে তিনটি কনসার্ট। যাঁরা সরাসরি গান শুনতে পছন্দ করেন, তাঁরা যেতে পারেন পছন্দের শিল্পীদের এসব কনসার্টে। রয়েছে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজ ব্যান্ডের কনসার্ট, অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। এ ছাড়া রয়েছে সংগীতশিল্পী বগা তালেবের একক কনসার্ট। একই সঙ্গে রয়েছে মন খারাপের খবর। আগামীকাল ১ আগস্ট অনুষ্ঠেয় পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়ের কনসার্টটি বাতিল করা হয়েছে।
কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে একক কনসার্টে পারফর্ম করবে একুশে পদকজয়ী ব্যান্ড ওয়ারফেজ। ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হবে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়। আয়োজন করেছে ব্র্যান্ডমিথ এবং মার্স অ্যান্ড কো। এই কনসার্টে মাইকেল জ্যাকসনের গানের পাশাপাশি নিজেদের গানও শোনাবে ওয়ারফেজ। টিকিটের মূল্য ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা।
বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে ট্রিবিউট করে আয়োজন করা হয়েছে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’ শীর্ষক কনসার্ট। এতে গান শোনাবেন দেশের তিন সিঙ্গার সং রাইটার জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তের গানের পাশাপাশি এই আয়োজনে নিজেদের গানও পরিবেশন করবেন এই তিন শিল্পী। সন্ধ্যা ৭টায় শুরু হবে কনসার্ট। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দুই ক্যাটাগরিতে—৭০০ টাকা (আর্লি বার্ড) এবং ১ হাজার টাকা (অন স্পট)। এটি আয়োজন করেছে আজব কারখানা।
লোকসংগীতশিল্পী বগা তালেবের একক গানের অনুষ্ঠানের আয়োজন করেছে সাতোরি একাডেমি অব আর্টস। ‘বগা গায়, বগা কয়’ শিরোনামের অনুষ্ঠানটি হবে বনানীর এ ব্লকের ২৫ নম্বর সড়কে অবস্থিত সাতোরি একাডেমি অব আর্টসে। এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা লোকগান গেয়ে শোনাবেন বগা তালেব। কথা বলবেন তাঁর সংগীতসফর নিয়ে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৭০০, ১ হাজার ও ২ হাজার টাকা।
আগামীকাল ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট। সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরও বাতিল করা হয়েছে কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে। যাঁরা টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে। শিগগির জানিয়ে দেওয়া হবে টাকা ফেরতের সুনির্দিষ্ট প্রক্রিয়া। এই কনসার্টে অনুপম রায়ের সঙ্গে আরও পারফর্ম করার কথা ছিল মাইলস ব্যান্ডের।