হোম > বিনোদন > গান

সুজানা রূপার নতুন দুই গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সুজানা রূপা। ছবি: সংগৃহীত

নতুন দুই গান নিয়ে আসছেন সংগীতশিল্পী সুজানা রূপা। গান দুটির শিরোনাম ‘রূপকন্যা’ ও ‘তোর কথা যে ভুলতে পারব না’। রূপকন্যা গানটি লিখেছেন ও সুর করেছেন রুস্তম মল্লিক। তোর কথা যে ভুলতে পারব না গানটি লিখেছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর ও সংগীত আয়োজন করেছেন আশরাফ বাবু। এরই মধ্যে শেষ হয়েছে রূপকন্যা গানের ভিডিওর কাজ, অন্য গানটির ভিডিও নির্মাণের প্রক্রিয়া চলছে। শিগগিরই গান দুটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে।

সুজানা রূপা গানের তালিম নিয়েছেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদ ও কালিপদ দাসের কাছে। গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আশরাফ বাবু তাঁর চাচা। বাবুর লেখা ও সুর করা ‘যদি তুমি বলো’ গান দিয়ে গানে আত্মপ্রকাশ করেন সুজানা রূপা। একক গানের পাশাপাশি দ্বৈত গানেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সহশিল্পী হিসেবে তিনি গেয়েছেন আতিক হাসান, রাজীব, অপু আমান, পলাশসহ আরও অনেকের সঙ্গে।

সুজানা রূপা বলেন, ‘গানের ভুবনে আমার বড় অনুপ্রেরণা শ্রদ্ধেয় রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। তাঁদের দেখানো পথ ধরেই সুরের ভুবনে আলো ছড়াতে চাই, নিজেকে প্রমাণ করতে চাই।’

নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গান দুটির কথা ও সুর আমার ভালো লেগেছে, চেষ্টা করেছি দরদ দিয়ে গাইবার। সহশিল্পী যাঁরা শুনেছেন, গান দুটির প্রশংসা করেছেন। তাই আমি আশাবাদী—শ্রোতাদের ভালো লাগবে গান দুটি।’