হোম > বিনোদন > গান

বন্যার কারণে পিছিয়ে গেল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রুনা লায়লা। ছবি: সংগৃহীত

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। ১৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা এবং আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আজকের পত্রিকাকে রুনা লায়লা বলেন, ‘১৮ জুলাই শিল্পকলার আয়োজিত অনুষ্ঠানটির তারিখ নির্ধারণ করা হলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু বিবেচনা করে শিল্পকলা একাডেমি নতুন তারিখ নির্ধারণ করবে।’

শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, বন্যা পরিস্থিতি উন্নত হলে এ মাসেই অনুষ্ঠিত হবে রুনা লায়লাকে নিয়ে এই আয়োজন। সবকিছু ঠিক থাকলে ২৫ জুলাই অনুষ্ঠানটি হতে পারে বলে জানিয়েছেন তিনি। সে অনুযায়ী প্রাথমিক পরিকল্পনা সাজানো হচ্ছে।

এ মাসের শেষ দিকে অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। আগামী ১ ও ৮ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে অনুষ্ঠিত হবে দুটি কনসার্ট। এই দুই কনসার্টের সুবাদে প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। যন্ত্রশিল্পীদের নিয়ে ২৯ জুলাই সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। তার আগেই রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠানটি আয়োজন করতে চায় শিল্পকলা একাডেমি। তবে সবকিছু নির্ভর করছে দেশের সার্বিক বন্যা পরিস্থিতির ওপর।

জানা গেছে, সম্মাননা প্রদান অনুষ্ঠানে রুনা লায়লা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় বেশ কিছু গান। ছয় দশকের বেশি সময়ের সংগীত ক্যারিয়ারে এবারই প্রথম শিল্পকলায় একক সংগীতানুষ্ঠানে গান শোনাবেন রুনা লায়লা। উপস্থিত থাকবেন সংগীতাঙ্গনের অনেকে। অতিথিরা কথা বলবেন রুনা লায়লাকে নিয়ে। প্রিয় শিল্পীকে নিয়ে পুরো অনুষ্ঠানে গান আর গল্পে মেতে উঠবেন অতিথি ও দর্শকেরা।

শিল্পকলার এই আয়োজন নিয়ে রুনা লায়লা বলেন, ‘আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন গুরুত্বপূর্ণ। শিল্পকলায় আমার একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। আশা করি, শ্রোতাদের সঙ্গে সুন্দর ও স্মরণীয় একটি সন্ধ্যা কাটবে।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের সম্মাননা ও একক গানের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গত সেপ্টেম্বরে সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে দিয়ে শুরু হয় এই আয়োজন। সবশেষ গত জুনে সম্মাননা দেওয়া হয় সৈয়দ আব্দুল হাদীকে। এই ধারাবাহিকতায় এবার রুনা লায়লাকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করছে শিল্পকলা একাডেমি।

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে

‘সোনার তরী’ বিতর্কে অর্ণবের পাশে দাঁড়ালেন সুনিধি