গত বছর জিপো লাইটারের সঙ্গে চুক্তি হয়েছিল ওয়ারফেজ ব্যান্ডের। অবশেষে দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের সঙ্গে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত লাইটার ব্র্যান্ড জিপো। এরই মধ্যে ওয়ারফেজকে নিয়ে দুটি লাইটার প্রকাশ করেছে জিপো। এ ছাড়া ওয়ারফেজের নানা কর্মকাণ্ডেও সহযোগী হিসেবে পাশে থাকবে ব্র্যান্ডটি। জিপো ম্যানুফ্যাকচারিং কোম্পানির বাংলাদেশে বিপণনের দায়িত্বে আছে লাক্সকো ট্রেডিং।
সম্প্রতি উন্মোচন করা হয়েছে ওয়ারফেজ ব্যান্ডের দুটি জিপো সংস্করণ। একটি সংস্করণ অনুপ্রাণিত হয়েছে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ থেকে এবং অন্যটি ডিজাইন করা হয়েছে ‘পথচলা’ অ্যালবাম থেকে। জিপো বাংলাদেশের অফিশিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে লাইটারগুলো।
ওয়ারফেজের ড্রামার ও ব্যান্ড লিডার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘ওয়ারফেজের সংগীত সব সময় প্রজন্মের অনুভূতির সঙ্গে যুক্ত। জিপোর মতো একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে এই সম্পৃক্ততা আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রায় শত বছরের পুরোনো জিপো সব সময় মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করে এসেছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের সঙ্গে পথচলা শুরু হলো।’
টিপু আরও বলেন, ‘অনেক কিংবদন্তি মিউজিশিয়ানদের সঙ্গে জিপো কাজ করেছে। সেখানে ওয়ারফেজের জায়গা পাওয়া গর্বের। চার দশকের পথচলা উপলক্ষে অনেক বড় বড় প্রাপ্তি যোগ হচ্ছে আমাদের। এ বছর একুশে পদক পেয়েছে ওয়ারফেজ। সব কৃতিত্ব আসলে ভক্তদের, তাঁদের ভালোবাসা আমাদের অর্জন।’
লাক্সকো ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইরফান হোসেন বলেন, ‘জিপোর মাধ্যমে আমরা বাংলাদেশে একটি কালেক্টিবল সংস্কৃতি গড়ে তুলতে চাই। ভবিষ্যতে আমরা আরও সাংস্কৃতিকভাবে অনুপ্রাণিত কালেক্টিবল সংস্করণ বাজারে আনার পরিকল্পনা করছি।’