হোম > বিনোদন > গান

চট্টগ্রামে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অর্থহীন ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।

১১ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। ঢাকায় আটটি ব্যান্ড পারফর্ম করলেও চট্টগ্রামে দর্শক মাতাবে ছয়টি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো—অর্থহীন, অ্যাভয়েড রাফা, এ কে রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।

জুলাইয়ে ঢাকার ওভারলোড ফেস্টিভ্যাল কনসার্ট দিয়ে ১৬ মাস পর নতুন লাইনআপে দেশের মঞ্চে ফেরে অর্থহীন। এবারের কনসার্ট দিয়ে পাঁচ বছর পর বন্দরনগরী চট্টগ্রামের দর্শকদের সামনে পারফর্ম করবে দলটি। বিষয়টি নিশ্চিত করে অর্থহীনের ফেসবুকে পেজে লেখা হয়েছে, ‘দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের মাটিতে আবারও প্রত্যাবর্তন হচ্ছে অর্থহীনের! আপনারা প্রস্তুত তো, চট্টগ্রামবাসী?’

গত ৫ মার্চ অর্থহীন ছাড়ার ঘোষণা দেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। ওই দিন সন্ধ্যায় নতুন তিন সদস্যকে পরিচয় করিয়ে দেয় অর্থহীন। ব্যান্ডটির পুরোনো সদস্য শিশির আহমেদ আবার ফিরেছেন গিটার ও কি-বোর্ডসে। অন্য দুই নতুন সদস্য হলেন গিটার ও কি-বোর্ডসে আদনান আতিক এবং ড্রামসে শেখ এম রিয়াজ।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, সংগীত, শক্তি, আবেগ এবং কমিউনিটির অনন্য উদ্‌যাপন হিসেবে এই কনসার্ট বাংলাদেশের রক সংগীতের জনপ্রিয় ব্যান্ডগুলোকে এক মঞ্চে নিয়ে আসবে। রক সংগীতের ভক্তদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত লাইভ মিউজিক অভিজ্ঞতা।

ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রক ওয়েবসাইটে। কনসার্ট শুরু হবে বেলা ৩টায়। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ২টায়।