হোম > বিনোদন > গান

সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ধ্রুব গুহ। ছবি: সংগৃহীত

সংগীতাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন সংগীতশিল্পী ও ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিষ্ঠাতা ধ্রুব গুহ। খবরটি নিশ্চিত করেছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।

আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। সেই আয়োজনে ধ্রুব গুহর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

এক বিবৃতিতে সিজেএফবি জানিয়েছে, সংগীতশিল্পে ধারাবাহিক অবদানের পাশাপাশি নতুন মৌলিক গান নির্মাণ, প্রযোজনা ও প্রকাশে নিয়মিত বিনিয়োগ করে আসছেন ধ্রুব গুহ। শিল্পের প্রতিকূল সময়েও নতুন সংগীত সৃষ্টিতে তাঁর অবিচল অঙ্গীকার এবং ধারাবাহিক কার্যক্রম সংগীতাঙ্গনে আলাদা গুরুত্ব পেয়েছে। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের কাজের সুযোগ সৃষ্টি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায়ও ভূমিকা রেখেছেন ধ্রুব গুহ। ব্যক্তিগত নেতৃত্ব ও উদ্যোগের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় সংগীতকে আন্তর্জাতিক শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টাকেও সম্মাননা প্রদানের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে। সব মিলিয়ে সংগীতশিল্পের বিকাশে তাঁর সামগ্রিক ভূমিকার স্বীকৃতি হিসেবে এই বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে তাঁকে।