বিডিআর বিদ্রোহের শহীদদের স্মরণে আসিফ আকবর গেয়েছিলেন ‘ট্র্যাজেডি পিলখানায়’। ২০০৯ সালে প্রকাশিত গানটিতে আসিফের সঙ্গে গেয়েছিলেন সাবরিনা পড়শী। দেড় দশক পর নতুন সংগীত আয়োজনে আবার তৈরি হয়েছে গানটি। এবার আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছে নতুন কুঁড়ির আধুনিক গানে বিজয়ী রোদসী নূর সিদ্দিকী। রাজীব আহমেদের লেখা গানটি সুর করেছেন পল্লব স্যানাল, নতুন করে সংগীতায়োজন করেছেন রাজিব হোসেন। ভিডিও বানিয়েছেন ইয়ামিন ইলান। আজ রোদসীর জন্মদিনে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই গান।
২০০৯ সালে যখন ট্র্যাজেডি পিলখানায় গানটি প্রকাশ পেয়েছিল পড়শী তখন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। কাকতালীয়ভাবে রোদসীও অষ্টম শ্রেণিতে পড়ছে। রোদসীকে এই গানে যুক্ত করার প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘এটি একটি মাইলস্টোন গান। ২০০৯ সালে যে ট্র্যাজেডি ঘটে যায় রাজধানীর পিলখানায়, সেখানে আমাদের ৫৭ জন কর্মকর্তা শহীদ হন। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে এই গানটি করেছি। গানটিতে একটি শিশুর কণ্ঠ প্রয়োজন ছিল। আমরা তখন পড়শীকে নিয়েছিলাম। ১৭ বছর আগে গানটি যখন করি তখন একধরনের বৈরী সময় ছিল। ১৭ বছর পর এসে মনে হলো, গানটা নতুন করে করা প্রয়োজন। ইথুন বাবু ভাই রোদসীর সন্ধান দেন। ভয়েজ দেওয়ার পর রোদসীর কণ্ঠে গানটা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমার বিশ্বাস রোদসী বহুদূর যাবে।’
রোদসী নূর সিদ্দিকীর ভাষ্য, ‘খুশির চেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। ইথুন বাবু স্যারের প্রতি কৃতজ্ঞতা আমার নামটি বলার জন্য আর আসিফ আকবর স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাকে এই গানের সঙ্গে যুক্ত করার জন্য।’
সম্প্রতি গানে শিশু একাডেমি জুনিয়র কোর্স শেষ করেছে রোদসী। ছায়ানটেও গান শিখছে। হলিক্রস গার্লস হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছে রোদসী। তার বাবা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও মা রেজিনা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।