এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখনো গান করছেন নিয়মিত। এবার তিনি উদ্যোগ নিয়েছেন গান শেখাবার। সেই লক্ষ্যে একটি মিউজিক একাডেমি প্রতিষ্ঠা করছেন তিনি। নাম রেখেছেন ‘সামিনাস একাডেমি অব মিউজিক (স্যাম)’। নতুন প্রজন্মের সংগীত শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ।
বাংলাদেশের পাশাপাশি বছরের অনেকটা সময় যুক্তরাষ্ট্রে থাকেন সামিনা। তাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই স্যামের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন তিনি। ক্লাস চলবে অনলাইন ও অফলাইন দু্ইভাবেই। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির লোগো ডিজাইন করা হয়েছে। এ বছরেই কাজ শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর।
সামিনা এখন বাংলাদেশে। ২২ সেপ্টেম্বর যাবেন যুক্তরাষ্ট্রে। দুই মাস পর ফিরবেন দেশে। তখন আনুষঙ্গিক কাজ গুছিয়ে মিউজিক একাডেমির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আজকের পত্রিকাকে সামিনা চৌধুরী বলেন, ‘অনেকেই অনেক দিন ধরে বলছিল গান শেখানোর কথা। স্বপনও (সামিনা চৌধুরীর স্বামী অনুষ্ঠান নির্মাতা ইজাজ খান স্বপন) বারবার বলছিল একটা একাডেমি করার জন্য। তাই সিদ্ধান্ত নিয়েছি গান শেখানোর। মূলত অনলাইনে চলবে সামিনাস একাডেমি অব মিউজিকের কার্যক্রম। তবে যারা সরাসরি শিখতে চায় সেই ব্যবস্থাও থাকবে। সেটা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দুই জায়গাতেই।’
নিজের গানের জন্যও নিয়মিত সময় দিচ্ছেন সামিনা চৌধুরী। তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন গান। সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন ফারুক আনোয়ারের লেখা একটি গানে। গানটি সুর করেছেন সম্রাট আহমেদ। গত বুধবার নতুন এই গানের রেকর্ডিং করেছেন সামিনা। এই গান নিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। “যারা যেতে চায়, তাদের চলে যেতে দাও, তারা তোমার না”—গানের কথাগুলো শুনেই ভালো লাগল। সুরটাও দারুণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’
সামিনা চৌধুরী জানান, এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।