২০১৬ সালে জয় শাহরিয়ারের সুরে প্রথম গেয়েছিলেন পশ্চিমবঙ্গের রূপঙ্কর বাগচী। এরপর আরও কয়েকটি গানে একসঙ্গে পাওয়া গেছে তাঁদের। এবার তাঁদের গাওয়া গান নিয়ে প্রকাশিত হলো অ্যালবাম ‘গানের পথে দেখা’।
আজব রেকর্ডস থেকে প্রকাশিত গানের পথে দেখা অ্যালবামে গান রয়েছে ৮টি। গানগুলোর শিরোনাম—‘নেই যে প্রয়োজন’, ‘কেমন করে’, ‘আয় ফিরে’, ‘ষোলো আনাই মিছে’, ‘কেমন আছো তুমি’, ‘তুমি’, ‘অসুখ’, এবং ‘ভালো আছি’। সব গানের সুর করেছেন জয় শাহরিয়ার। চারটি গান গেয়েছেন রূপঙ্কর বাগচী ও চারটি গেয়েছেন জয় শাহরিয়ার। গান লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ, মারুফ হাসান ও জয় শাহরিয়ার।
নতুন এই অ্যালবাম নিয়ে রূপঙ্কর বাগচী বলেন, ‘জয়ের সঙ্গে কাজ করছি প্রায় এক যুগ ধরে। বাংলাদেশে আমার পছন্দের গীতিকবি, সুরকার সে। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি, আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’
জয় শাহরিয়ার বলেন, ‘রূপঙ্করদা আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী ও মানুষ। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যাঁরা গান করেন, তাঁদের মাঝে রূপঙ্করদা নিজগুণে অনন্য। এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।’
আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যালবামটি শুনতে পাওয়া যাচ্ছে স্পটিফাই, আই টিউন্স, ডিজার, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।