দুই দশক আগে সংগীতশিল্পী ও সুরকার অটামনাল মুন তৈরি করেছিলেন গান ‘তোমাকে দেখা মানে’। এক যুগ আগে রেকর্ডিংও করেছেন। তবে প্রকাশ পায়নি গানটি। অবশেষে প্রকাশিত হলো সেই গান। এতে মুনের সঙ্গী হয়েছেন তাঁর ছোট ভাই শুভেন্দু দাশ শুভ।
তোমাকে দেখা মানে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন অটামনাল মুন। গিটারও বাজিয়েছেন তিনি। তাঁর সঙ্গে গিটার বাজিয়েছেন এবং মিউজিক কো-প্রোডাকশনে আছেন শুভেন্দু শুভ। মিক্স ও মাস্টারিং করেছেন ইফতেখায়রুল আলম শুভ। ভিডিও প্রযোজনা করেছেন সাঈফ হোসাইন।
তোমাকে দেখা মানে গানটির সূচনা ২০০২ সালে। সে সময় বড় ভাই মুনের মুখে গানটি শুনেছিলেন শুভেন্দু। পরে গিটার বাজিয়ে নিজেও গেয়েছেন। ২০১৬ সালে দুই ভাই গানটির রেকর্ডিং করেন। দীর্ঘদিন পর এবার সেটি প্রকাশ করা হলো।
শুভেন্দু দাস শুভ বলেন, ‘ভালোবাসাকে কখনো কখনো খুব বড় কোনো সংজ্ঞায় প্রকাশ করতে হয় না। প্রিয় মানুষটির উপস্থিতিই হয়ে ওঠে ইচ্ছেপূরণ, তাকে ভাবা হয়ে যায় অভ্যাস, ভালোবাসি বলা হয়ে যায় মুদ্রাদোষ। আর তাকে ছুঁতে চাওয়ার মধ্যে থাকে দুঃসাহস—সেই মানুষটিকে সত্যিই ছুঁয়ে ফেলতে লাগে সৎ সাহস। সেই কথাই ফুটে উঠেছে গানটিতে। এত বছর ধরে গানটি আমাদের সঙ্গে ছিল—স্মৃতি, সময় আর ভালোবাসার সঙ্গে মিশে থাকা একটি পুরোনো অধ্যায়ের মতো।’
মুন বলেন, ‘গানটি আমার প্রিয় সৃষ্টিগুলোর একটি। এই গানের সঙ্গে বড় হয়ে উঠেছে আমার ভাই শুভেন্দু দাস শুভ। তখন থেকেই গানটি রিলিজ করব করে করে করা হয়নি। একটা গান নিয়ে আমাদের নানা সময়ে নানা প্ল্যান থাকে। আমরা বিশেষ পরিপূর্ণতা খুঁজে বেড়াই, সেটা না হওয়া পর্যন্ত অশান্ত লাগে। দিন, মাস, বছর পার হতে থাকল। অবশেষে গান এবং শুভেন্দু দুজনই তরুণ হলো। প্ল্যান হলো। দুই ভাই দুটো গিটার নিয়ে বাজিয়ে ফেললাম।’ মুন আরও জানিয়েছেন, অনেকেই গানটির প্রশংসা করছেন, সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের দুই ভাইকে।