হোম > বিনোদন > গান

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনলেন শিল্পীরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(ওপরে বাঁ) দিলরুবা খান, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা ও দিঠি আনোয়ার। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে শোবিজের অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সবাই ফিরেছেন শূন্য হাতে। এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেতে ছুটছেন তারকারা। ইতিমধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিঠি আনোয়ার ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।

সংগীতশিল্পী দিলরুবা খান জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দিলরুবা খান বলেন, ‘আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। নির্বাচিত হলে কাজগুলো বড় পরিসরে করা সম্ভব—তাই মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’

২০১৮ সালে নীলফামারী-৪ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বেবী নাজনীন। এবার তিনি তুলেছেন সংরক্ষিত নারী আসনের মনোনয়ন। বেবী নাজনীন বলেন, ‘মনোনয়ন পেলে চেষ্টা করব দেশের উন্নয়নে অবদান রাখতে। নতুন প্রজন্মকে শক্তিশালী করতে, সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন। তাঁর সঙ্গে আমাদের সবাইকে কাজ করতে হবে।’

সিরাজগঞ্জ-১ আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছিলেন সংগীতশিল্পী কনকচাঁপা। এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসন নিয়ে আশাবাদী তিনি। কনকচাঁপা বলেন, ‘মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই। জনগণের দুঃখের কথা বলতে চাই। বিএনপিতে যোগ দেওয়ার পর দীর্ঘদিন গান গাইতে পারিনি। সেসব আমি ভুলে যেতে চাই। নতুন আশায় বুক বেঁধেছি। সারা জীবন অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেছি। সেই কাজগুলো আরও বড় আকারে করতে চাই। সংগীতশিল্পী হিসেবে আমার জগতের মানুষদের নানা অসুবিধা নিয়ে কথা বলতে চাই। সৎ এবং নিষ্ঠাবান থেকে মানবসেবাই আমার একমাত্র উদ্দেশ্য।’

নিজ জেলা কিশোরগঞ্জ থেকে মনোনয়নপ্রত্যাশী সংগীতশিল্পী রিজিয়া পারভীন। মনোনয়নপত্র সংগ্রহের পর রিজিয়া পারভীন বলেন, ‘দেশের মানুষের জন্য কাজ করতে চাই। একজন শিল্পী হিসেবে সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। মনোনয়ন পেলে নারীদের উন্নয়ন ও সংস্কৃতি খাতে বেশি গুরুত্ব দেব।’

ময়মনসিংহ থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পারিবারিকভাবেও তিনি একটি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। তিনি বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর কন্যা।

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গীতিকার, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তাঁর শ্বশুর শফি আহমেদ চৌধুরী বিএনপির হয়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মনোনয়ন পেলে দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যাশা জানিয়ে দিঠি আনোয়ার বলেন, ‘ছোটবেলা থেকে আমার বাবাকে দেখেছি বুকের ভেতর দেশ ও দেশের মানুষকে লালন করেছেন। আমারও ইচ্ছা দেশ ও দশের জন্য কিছু করার। আমি মনে করি যেকোনো কাজ বড় পরিসরে করতে হলে রাজনীতি অনেক গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। দেশের সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। দল যদি সুযোগ দেয় তাহলে মনপ্রাণ ঢেলে চেষ্টা করব দেশ ও মানুষের কল্যাণে কাজ করার।’

আতিক আসছেন নতুন ১০ গান নিয়ে

তরুণদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ফাউন্ডেশন খুললেন আরিয়ানা গ্রান্ডে

রেকর্ড গড়ে সংরাইটারস হল অব ফেমে টেইলর সুইফট

ইকন বাবুর কথা ও সুরে গাইলেন শুভমিতা, পিজিত দিলেন ভিডিও নির্দেশনা

১৪ বছরের প্রেমের পর আলাদা হয়ে গেলেন কোরিয়ান তারকা জুটি

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বিজয়ের কণ্ঠে আরমানের গান

জন্মদিনে প্রকাশ পেল লাকী আখান্দের দুই গান

রিংকু জানেন গানে আর ফেরা হবে না তাঁর

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে কনসার্ট, আসছে নতুন দুই গান