প্রথম কোনো ব্যান্ড বা গ্রুপ হিসেবে স্পটিফাইয়ে এক বছরে ১০ বিলিয়ন স্ট্রিমের মাইলফলক স্পর্শ করেছে বিটিএস। শুক্রবার ব্যান্ডটির প্রযোজনা প্রতিষ্ঠান বিগহিট মিউজিক এই খবর নিশ্চিত করেছে।
বিগহিট মিউজিক জানায়, এর আগে টেইলর সুইফট, আরিয়ানা গ্র্যান্ডে ও ব্যাড বানি একক শিল্পী হিসেবে স্পটিফাইয়ে এই মাইলফলক ছুঁলেও, ব্যান্ড হিসেবে বিশ্বে প্রথম এই অনন্য রেকর্ড গড়ল বিটিএস। গত বছর স্পটিফাইয়ে তাদের গান শোনা হয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন বার, যা এ বছর দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে। আর এই বিশাল সাফল্য এনে দিয়েছে গত মার্চে মুক্তি পাওয়া বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।
মুক্তির পর থেকে শুধু আরিরাং অ্যালবামের গানগুলো স্পটিফাইয়ে ৫ বিলিয়নের বেশিবার শোনা হয়েছে। এর মধ্য দিয়ে এটি চলতি বছর মুক্তি পাওয়া অ্যালবামগুলোর মধ্যে স্পটিফাইয়ে সর্বোচ্চ স্ট্রিমের রেকর্ডও গড়েছে।
দলের সব সদস্য সামরিক প্রশিক্ষণ থেকে ফেরার পর গত ২০ মার্চ আরিরাং অ্যালবামটি প্রকাশ করে বিটিএস। যেহেতু এটি ছিল চার বছরের বিরতির পর ব্যান্ডটির নতুন অ্যালবাম, স্বাভাবিকভাবেই তাই ভক্তদের মাঝে উন্মাদনা ছিল চরমে। মুক্তির প্রথম দিনেই স্পটিফাইয়ে অ্যালবামের গানগুলো শোনা হয় ১১০ মিলিয়নের বেশি বার।
স্পটিফাইয়ের পাশাপাশি বিলবোর্ড টপচার্টেও বাজিমাত করেছে আরিরাং অ্যালবাম। ২০১২ সালে মামফোর্ড অ্যান্ড সন্সের ‘বাবেল’-এর পর এটিই প্রথম কোনো ব্যান্ডের অ্যালবাম, যা ‘বিলবোর্ড ২০০’ চার্টে টানা তিন সপ্তাহ শীর্ষস্থান ধরে রেখেছিল।