হোম > বিনোদন > গান

গাড়ি দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে আমিন

আজকের পত্রিকা ডেস্ক­

বাবা এ আর রহমানের সঙ্গে আমিন। ছবি: সংগৃহীত

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন গাড়ি দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভারতের চেন্নাইয়ের গুইন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আমিনসহ তিনজন আহত হলেও চিকিৎসার পর সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভোর সাড়ে ৩টার দিকে অলিম্পিয়া টেক পার্কের সিগন্যালের কাছে দুর্ঘটনাটি ঘটে। আমিন এক বন্ধুকে সঙ্গে নিয়ে পোর্শে গাড়িতে করে কোয়েম্বেডু থেকে গুইন্ডির দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ওয়াগনআর ক্যাবের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি গাড়িই উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আমিন ও তাঁর বন্ধুকে দ্রুত স্থানীয় কাওভেরি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাদের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর দুজনকেই ছেড়ে দেন। অন্যদিকে, ক্যাবের এক যাত্রীকে কালাইনার সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাঁকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইংয়ের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে। দুর্ঘটনার কারণ ও ঠিক কীভাবে সংঘর্ষটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।