শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল। সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন সঞ্জয় ঘোষ। গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ ইসলাম।
সুচিত্রা মিউজিক থেকে প্রকাশিত এটি ঐশিকা নদীর দ্বিতীয় গান। ২০২৪ সালে উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তিনি গেয়েছিলেন ‘বন্ধুরে প্রাণ বন্ধুরে’। গানটি ছিল শুভমিতা ব্যানার্জির গাওয়া ‘যদি বন্ধু হও’ গানের সিকুয়েল।
ঐশিকা নদী গান করেন বেছে বেছে। কবি জীবনানন্দ দাশ, জসীমউদ্দীন, শামসুর রাহমান, আসাদ চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, রফিক আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, সুমন সরদারসহ বাংলা ভাষার প্রখ্যাত কবিদের কবিতা থেকে গান করেন ২০১০ সালে। কবিতার গান শিরোনামের অ্যালবামে কবিতাগুলো সুর করেন নদীর বাবা সুরকার শাহীন সরদার। অ্যালবামটি সুধীমহলে প্রশংসিত হয়।
ঐশিকা নদী বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। দেড় দশক ধরে তাঁর কণ্ঠমাধুর্য এবং গায়কিশৈলী শ্রোতানন্দিত হয়েছে। নদী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে।