প্রয়াত ব্যান্ড আইকন আইয়ুব বাচ্চুর গানগুলো নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রকাশ পেয়েছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি, যেগুলোর নতুন সংগীতায়োজন করেছেন এ সময়ের ব্যান্ড ও শিল্পীরা। এই অ্যালবাম থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরিতে। তবে অ্যালবামের গানগুলো প্রকাশের পর থেকে তৈরি হয়েছে সমালোচনা।
১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ পায় উত্তরাধিকার অ্যালবামের প্রথম গান। ‘রুপালি গিটার’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে ৭টি গান। দ্বিতীয় গান প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। বিশেষ করে অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহরে’ গানটি নিয়ে ইউটিউব থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনা।
নতুন সংগীতায়োজনের পাশাপাশি ঘুমন্ত শহরে গানের গায়কীর ধরনেও কিছু পরিবর্তন এনেছেন অদিত। আর সেটাই মেনে নিতে পারছেন না আইয়ুব বাচ্চুর ভক্তরা। তাঁদের অনেকেই মনে করছেন নিজের মতো বানাতে গিয়ে মূল গানটি নষ্ট করেছেন অদিত। এতে করে অবমাননা হচ্ছে আইয়ুব বাচ্চুর। দ্রুত ইউটিউব থেকে গানটি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। সরিয়ে না নিলে কেউ কেউ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।
ইউটিউবে আকাশ আবির নামের একজন লিখেছেন, ‘বাচ্চু ভাইকে এভাবে অপমান করা উচিত হয়নি, গানের ভিতর কোনো প্রাণ নেই।’ বায়জিদ সিয়াম নামের একজন লিখেছেন, ‘গানের ১২টা বাজায় দিছে।’ মোহাম্মাদ রাজু লিখেছেন, ‘কী গানরে কী করেছে। গানটা পুরা শেষ।’ জহির ইসলাম লিখেছেন, ‘এই গানটি বাচ্চু ভাইকে অপমান করা হয়েছে, এই গানটি সরানোর দাবি করছি।’
আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে উত্তরাধিকার অ্যালবামটির পাশাপাশি আরও অনেকেই তাঁর গিটার এবং গান কাভার করেছেন। এর মাঝে মোল্লা বাবু কাভার করেছেন আইয়ুব বাচ্চুর ‘কষ্ট কাকে বলে’ গানটি। সোশ্যালে প্রশংসিত হয়েছে কাভার সংটি। উত্তরাধিকার এবং ঘুমন্ত শহরে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বসের (আইয়ুব বাচ্চু) প্রতি শ্রদ্ধা রেখেই গাইতে চাই যত দিন বাঁচি। আমি তাঁর একজন ভক্ত হিসেবে বলছি, উত্তরাধিকার অ্যালবামের গানগুলো সুন্দর হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা দেখে ঘুমন্ত শহরে গানটি আগ্রহ নিয়েই শুনেছি। এটা শিল্পীর নিজের গান হলে বলতাম, সব মিলিয়ে গানটি খুবই সুন্দর। কিন্তু মাথায় রাখা উচিত ছিল এটা আইয়ুব বাচ্চুর গান। গানের আবেদনটাই পেলাম না।’
উত্তরাধিকার অ্যালবাম প্রকাশের পর বারবার উঠে আসছিল এলআরবি ব্যান্ডে আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সঙ্গী ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদের নাম। আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তাঁর গানগুলো নিয়ে কাজ করছিলেন মাসুদ। তবে গতকাল সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্টে এই গিটারিস্ট সাফ জানিয়ে দিলেন, উত্তরাধিকার অ্যালবামের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে কথা বলতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে, ফেসবুকে আব্দুল্লাহ আল মাসুদ লিখেছেন, ‘চলমান উত্তরাধিকার প্রকল্পকে ঘিরে আইয়ুব বাচ্চুর ভক্ত-শ্রোতাদের মধ্যে যে ক্ষোভ ও উত্তাপ তৈরি হয়েছে, তার কারণ আমি বুঝতে পারি। তবে এই প্রকল্পের সঙ্গে আমাকে জড়িয়ে যে ভুলভ্রান্তি ও বিভ্রান্তি তৈরি হচ্ছে, সেটি ব্যক্তিগতভাবে পরিষ্কার করা আমার জন্য জরুরি। উত্তরাধিকার প্রজেক্টের শুরু থেকে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত, কোনো কাজের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।’
মাসুদ আরও লেখেন, ‘বসের (আইয়ুব বাচ্চুর) গান কেউ কভার করলে যেন তাঁর গানের আবেগ, মর্যাদা ও মূল অনুভূতিটুকু হারিয়ে না যায়, এই ব্যক্তিগত বিশ্বাস থেকেও অনেক সময় অনেকের কাছে আমি হাসির পাত্র হয়েছি। তবে আমি বিশ্বাস করি, একজন শিল্পীর মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া সৃষ্টিই তাঁর সবচেয়ে বড় উত্তরাধিকার। আমার বস প্রয়াত আইয়ুব বাচ্চু যে বিপুল সৃষ্টি ও ভালোবাসা আমাদের জন্য রেখে গেছেন, তার কোনো ধরনের অসম্মান বা স্বার্থহানি হয় এমন কোনো কাজে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন জড়িত ছিলাম না, আজও নেই, এবং ভবিষ্যতেও থাকব না।’