হোম > বিনোদন > গান

কনসার্ট ও একক অ্যালবাম নিয়ে ফিরছেন শিল্পীরা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম। পাশাপাশি আয়োজন করা হচ্ছে বেশ কয়েকজন শিল্পীর একক কনসার্ট।

একক অ্যালবাম আসছে যাঁদের

ফেরদৌস আরার আধুনিক গান

তিন দশকের বেশি সময় পর আধুনিক গানের নতুন অ্যালবাম করছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। প্রাথমিকভাবে অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘প্রেম’। এতে গান থাকবে ১০টি। ইতিমধ্যে বেশ কয়েকটি গানের কাজ সম্পন্ন হয়েছে। শুধু অডিও নয়, অ্যালবামের প্রতিটি গানের ভিডিও নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। একে একে সেসব ভিডিও প্রকাশ করা হবে। পাশাপাশি অ্যালবামটি অডিও আকারেও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

১০ বছর পর শুভ, তরুণ ও লুৎফর

সবশেষ ২০১৬ সালে প্রকাশ পেয়েছিল কাজী শুভর দুটি একক অ্যালবাম—‘মায়ার আগুন’ ও ‘দাগা’। ১০ বছর পর আবার প্রকাশ পাচ্ছে তাঁর নতুন একক অ্যালবাম। ২৮ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পাচ্ছে ‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি। এতে থাকছে ৯টি গান, যার মধ্যে একটি দ্বৈত গানে কাজী শুভর সঙ্গে গেয়েছেন বাঁধন সরকার পূজা।

কাজী শুভর মতো সুরকার ও সংগীতশিল্পী তরুণ মুন্সীও ১০ বছর পর নিয়ে আসছেন একক অ্যালবাম। নসীব শিরোনামের অ্যালবামটিতে থাকছে সাতটি গান। যার মধ্যে প্রেম, বিরহ, প্রকৃতির গল্প যেমন আছে, তেমনি আছে মানবজীবন, দেহতত্ত্ব ও সমাজ ভাবনার কথা। সম্প্রতি শেষ হয়েছে সব গানের রেকর্ডিং। এটিও প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে।

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’খ্যাত সংগীতশিল্পী লুৎফর হাসানও হাজির হচ্ছেন একক অ্যালবাম নিয়ে। তাঁর সর্বশেষ একক অ্যালবামটিও প্রকাশিত হয়েছিল এক দশক আগে। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামের প্রতিটি গানের কথা ও সুর করেছেন লুৎফর হাসান নিজে। এটি তাঁর অষ্টম একক অ্যালবাম। এতে গান থাকছে ৮টি।

পাঁচ গান নিয়ে শান সায়েকের অ্যালবাম

নতুন পাঁচ গান নিয়ে অ্যালবাম তৈরি করছেন সুরকার ও সংগীতশিল্পী শান সায়েক। গানগুলো লিখেছেন লুৎফর হাসান, মাহমুদ মুরাদ, ওয়ালিদ হাসান, শান্ত পথিক। ইতিমধ্যে কাজ শুরু করেছেন নাম চূড়ান্ত না হওয়া নতুন এই একক অ্যালবামের।

জয় শাহরিয়ারের ‘বোকা’

সংগীতশিল্পী জয় শাহরিয়ারের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘বোকা’। ৮টি গান দিয়ে সাজানো এই অ্যালবাম দিয়ে ছয় বছর পর একক অ্যালবাম নিয়ে এসেছেন তিনি। গত বছর প্রকাশ পেয়েছে এই অ্যালবামের প্রথম গান ‘তোমাকে ভুলতে সময় লাগবে’। এখন পর্যন্ত তিনটি প্রকাশ পেয়েছে। শিগগির পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গানগুলো।

একক কনসার্ট যাঁদের

রাফার প্রথম

দুই যুগ ধরে গান, গিটার আর ড্রামসে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন রায়েফ আল হাসান। রাফা নামেই সবার কাছে পরিচিত তিনি। একাধিক ব্যান্ডে বাজালেও ‌অর্থহীন ও ক্রিপটিক ফেইটের সদস্য হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন। কয়েক বছর আগে অ্যাভয়েড রাফা নামে গঠন করেছেন নিজের ব্যান্ড। এবার তিনি প্রথমবারের মতো হাজির হচ্ছেন একক কনসার্টে। আগামী ২ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে অ্যাভয়েড রাফার প্রথম একক কনসার্ট ‘এত বোকা কেন তুমি’। গানের ফাঁকে শিল্পী জানাবেন তাঁর সংগীতজীবনের নানা অভিজ্ঞতার কথা। এতে রাফার সঙ্গে অতিথি ব্যান্ড হিসেবে পারফর্ম করবে অর্থহীন।

বাপ্পার মুনলিট মেলোডিজ

ব্যান্ড নিয়ে কনসার্টে নিয়মিত গাইলেও নিজের একক সংগীতসন্ধ্যা কম করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। চার বছর আগে ২০২২ সালে প্রথম আয়োজিত হয় বাপ্পার একক কনসার্ট। এরপর ২০২৪ সালে সংগীতজীবনের ৩ দশক উদ্‌যাপন উপলক্ষে ‘বাপ্পা মজুমদার অডিসি’ শিরোনামে কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল তাঁর একক কনসার্ট। সর্বশেষ গত বছর তেজগাঁওয়ে ইয়ামাহা মিউজিক লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছিল বাপ্পার আরও একটি একক কনসার্ট। এক বছর বিরতির পর আগামী ৯ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘মুনলিট মেলোডিজ’।

এ ছাড়া ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক কনসার্টে দর্শক মাতিয়েছেন মিফতাহ এবং ২৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয় নির্ঝর চৌধুরীর একক কনসার্ট।