হোম > বিনোদন > গান

টানা দ্বিতীয় বছর ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের

বিনোদন ডেস্ক

এ বছরের ইউরোভিশন সং কনটেস্টের মঞ্চে বুলগেরিয়ান গায়িকা দারা। ছবি: সংগৃহীত

গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলা ও চরম মানবিক সংকটের প্রতিবাদে ২০২৭ সালের ‘ইউরোভিশন সং কনটেস্ট’ বয়কটের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। ইসরায়েলের অংশগ্রহণের কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি এই আসর সম্প্রচার না করারও সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিই। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

এর আগে একই ইস্যুতে ইউরোভিশন বয়কটের ডাক দেয় ডাচ সম্প্রচারমাধ্যম আভরোত্রস। প্রতিযোগিতাটিকে ‘বিভাজনের ক্ষেত্র’ উল্লেখ করে তারা জানায়, পূর্ণমাত্রার সামরিক সংঘাত ও রক্তপাতে লিপ্ত থাকা ইসরায়েলকে রাখার ফলে এই আয়োজনকে আর কোনোভাবেই নিরপেক্ষ বলা যায় না। নেদারল্যান্ডসের পর এবার আয়ারল্যান্ডও একই পথে হাঁটল।

আনুষ্ঠানিক বিবৃতিতে আরটিই জানায়, গাজায় ভয়াবহ ও অব্যাহত প্রাণহানি এবং সেখানে চলমান মানবিক সংকটের মুখে সাধারণ মানুষের জীবন যেখানে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে, এমন বাস্তবতায় আয়ারল্যান্ডের অংশগ্রহণ কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। ফলে আরটিই ২০২৭ সালের আসরে অংশ নেবে না, এমনকি এটি সম্প্রচারও করবে না।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গত মে মাসে বুলগেরিয়া বিজয়ী হওয়ার সুবাদে ২০২৭ সালের ইউরোভিশন আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটির কৃষ্ণসাগর তীরবর্তী শহর বুরগাসে।

ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে ২০২৬ সালের আসরেও আয়ারল্যান্ডসহ আইসল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন ও স্লোভেনিয়ার মতো দেশগুলো অংশ নেওয়া থেকে বিরত ছিল।

পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি আয়োজক সংস্থা ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) নীতিমালায় পরিবর্তন এনে জানায়, কোনো রাষ্ট্র সশস্ত্র সংঘাত বা বড় ভূরাজনৈতিক সংকটে জড়ালে তারা ইউরোভিশন আয়োজনের সুযোগ পাবে না। তবে এই পদক্ষেপ সত্ত্বেও মূল প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাদ না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যম ও শিল্পীদের বয়কট অব্যাহত রয়েছে।