হোম > বিনোদন > গান

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অনুপম রায়। ছবি: সংগৃহীত

অবশেষে কাটল সব অনিশ্চয়তা ও জটিলতা। শেষ মুহূর্তে স্থগিত হয়ে যাওয়া কনসার্টের বাধা পেরিয়ে ঢাকায় আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।

এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে অনিবার্য কিছু প্রশাসনিক ও পারিপার্শ্বিক কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন আয়োজকেরা। সে সময় তীব্র হতাশা প্রকাশ করেছিলেন সংগীতপ্রেমীরা। তবে আয়োজক প্রতিষ্ঠান আশ্বাস দিয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে কনসার্টের নতুন দিনক্ষণ চূড়ান্ত করা হলো।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের প্রশাসনিক ও কারিগরি সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই অফিশিয়ালি টিকিট বিক্রি শুরু হবে। আগেরবারের তুলনায় টিকিটের মূল্য কিছুটা কম রাখার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে ২৬ জুনের স্থগিত হওয়া কনসার্টের টিকিট কেনা দর্শকদের টিকিট জটিলতা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তারা জানায়, আগের কনসার্টের টিকিট কেনা দর্শকদের প্রায় সবাই ইতিমধ্যে শতভাগ অর্থ ফেরত পেয়েছেন। তাই নতুন তারিখের কনসার্টে আগের কেনা টিকিটগুলো কার্যকর হবে না। কনসার্টটি উপভোগ করতে দর্শকদের নতুন করে টিকিট সংগ্রহ করতে হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় চার হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারের সুবিশাল হলরুমেই অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। এই সংগীতায়োজনের মূল আকর্ষণ অনুপম রায় হলেও দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক। ওপার বাংলার এই জনপ্রিয় তারকার পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে দেশের ব্যান্ড বেঙ্গল সিম্ফনি। যুক্ত হবেন আরও কয়েকজন শিল্পী ও ব্যান্ড।

কনসার্টটি সফলভাবে সম্পন্ন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব ধরনের প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে সহযোগী প্রতিষ্ঠান ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।

বিচারকের আসনে পাঁচ শিল্পী

অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট গাইবেন জয়, সানি ও শুভ্র

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

এ আর রাহমান শেয়ার করলেন শুভ-নন্দিতার গান

কে-পপ অ্যালবামের সবচেয়ে বড় বাজার এখন যুক্তরাষ্ট্র

বন্যার কারণে পিছিয়ে গেল রুনা লায়লার সম্মাননা অনুষ্ঠান

ভেনেজুয়েলার শিক্ষাপ্রতিষ্ঠান পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান শাকিরার

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

আতিফের সঙ্গে পারফর্ম করবে মেঘদল ও লেভেল ফাইভ

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’