পাঁচ বছর পর নাজমুন মুনিরা ন্যান্সির সঙ্গে গাইলেন সংগীতশিল্পী ও সুরকার জাহিদ নিরব। ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের ‘দিওয়ানা দিল’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। গান লিখেছেন হ্যাপিলি ম্যারিডের পরিচালক জাহিদ প্রীতম। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব।
দীর্ঘদিন পর ন্যান্সির সঙ্গে নতুন গান গাওয়া নিয়ে জাহিদ নিরব বলেন, ‘প্রায় ৫ বছর পর ন্যান্সি আপুর সঙ্গে দ্বৈতগান গেয়েছি। ২০২১ সালে আমরা প্রথম একসঙ্গে গান করেছি। তারপর আরও বেশ কিছু গান তিনি আমার সুরে গেয়েছেন, কিন্তু একসঙ্গে কোনো গানে কণ্ঠ দেওয়া হয়নি। এবারের গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করছি সবার ভালো লাগবে।’
৮ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড। সিনেমার গল্প এগিয়েছে এ যুগের এক জটিল মনস্তাত্ত্বিক ও সামাজিক টানাপোড়েনকে কেন্দ্র করে। গল্পের এক প্রান্তে সহজ-সরল, সৎ যুবক আনিস। অন্যদিকে উচ্চবিত্ত ও আধুনিক শহুরে সংস্কৃতির চাদরে মোড়ানো তরুণী অনামিকা; যার স্বপ্ন সোশ্যাল মিডিয়ার রোমাঞ্চ, সেলিব্রিটি ফ্যান্টাসি এবং ভার্চুয়াল জগতের মোহনীয় রঙিন দুনিয়াকে ঘিরে। ভিন্ন স্বভাবের দুই মানুষ আনিস ও অনিমাকার বিয়ে হয়। বিয়ের পর দুজনেই সম্পর্কগত জটিলতার মুখে পড়ে।
ওয়েব ফিল্মটিতে আনিস ও অনামিকা চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। আরও আছেন তুষার খান, দীপা খন্দকার প্রমুখ।