হোম > বিনোদন > গান

ফিডব্যাকের ৫০ বছর পূর্তিতে বছরব্যাপী আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফিডব্যাক ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। সে সময় নাম ছিল ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি। ১৯৭৯-৮০ সালের দিকে আগের নামের একাংশ বাদ দিয়ে শুধু ফিডব্যাক নামেই পরিচিতি পায় ব্যান্ডটি। দীর্ঘ এই পথচলায় ফিডব্যাকের ঝুলিতে জমা হয়েছে ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’, ‘ফিরে এসো’সহ অনেক কালজয়ী গান। এ বছর ৪৯ পূর্ণ করে ৫০ বছরে পা দিয়েছে ফিডব্যাক। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে তারা। এর মধ্যে রয়েছে নতুন অ্যালবাম প্রকাশ, নতুন আয়োজনে পুরোনো গান তৈরি, দেশ-বিদেশে কনসার্ট এবং ব্যান্ডের পাঁচ দশকের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ।

গতকাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিডব্যাকের ৫০ বছর পূর্তির এসব পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ বছর আগে প্রকাশ পেয়েছিল ফিডব্যাকের সবশেষ অ্যালবাম ‘এখন’। সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে তারা। এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ হয়েছে। আগামী বছরের অক্টোবরে ৫০ বছর পূর্তির আগেই অ্যালবামটি প্রকাশ করতে চায় ফিডব্যাক।

নতুন অ্যালবামের পাশাপাশি ফিডব্যাকের পুরোনো জনপ্রিয় গানগুলোও নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব গানে অন্য ব্যান্ডের কিংবা একক সংগীতশিল্পীদের যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। মূলত নতুন প্রজন্মের কাছে ফিডব্যাকের কালজয়ী গানগুলো নতুনভাবে তুলে ধরতেই এই প্রয়াস।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে সারা বছর দেশ-বিদেশে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছে ফিডব্যাক। যার শুরুটা হবে চট্টগ্রামে এবং শেষ হবে ২০২৭ সালের অক্টোবরে, ঢাকায়। এর মাঝে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট করবে তারা। এসব কনসার্টে ব্যান্ডের সাবেক সদস্যদের যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ব্যান্ডের পাঁচ দশকের ইতিহাস নিয়ে নির্মিত হবে ২৫ মিনিট ব্যাপ্তির একটি তথ্যচিত্র। এতে ফিডব্যাকের সাবেক ও বর্তমান সদস্যরা ব্যান্ডটির দীর্ঘ পথচলা ও সংগীতজীবনের নানা অজানা অধ্যায় নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শোনাবেন।

সংবাদ সম্মেলনে ফিডব্যাকের অন্যতম সদস্য ফোয়াদ নাসের বাবু বলেন, ‘ফিডব্যাকের এই দীর্ঘ পথচলায় সংশ্লিষ্ট সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। একটি প্রতিষ্ঠানকে যেমন যত্নে গড়ে তুলতে হয়, তেমনি ব্যান্ডকেও লালন ও সংরক্ষণ করতে হয়। পাঁচ দশক ধরে ফিডব্যাককে এগিয়ে নেওয়ার পেছনেও রয়েছে সেই দায়বদ্ধতা। নতুন গান আর পুরোনো স্মৃতির মেলবন্ধনে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের মধ্য দিয়ে শ্রোতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চাই আমরা। ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। চেষ্টা করব আয়োজনে নতুন কিছু রাখার।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু, সংগীতশিল্পী রফিকুল আলম, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীসহ অনেকে। তাঁদের বক্তব্যে উঠে আসে ফিডব্যাক ব্যান্ডের দীর্ঘ যাত্রার বিভিন্ন অজানা অধ্যায়।

টিএসসিতে হালিম বয়াতি স্মরণোৎসব

অতসীর গানের ভিডিওতে অর্থী আহমেদ

ভেপিংয়ের কারণে কণ্ঠস্বর বদলে গেছে সেলেনা গোমেজের

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

পূজায় এল নতুন গান

আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ: জেমস

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান