হোম > বিনোদন > গান

‘জিটিএ ৬’ গেমের কল্যাণে আলোচনায় চার দশক আগের বাংলা গান

বিনোদন ডেস্ক

রূপা বিশ্বাস। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। মুক্তির প্রথম দিনেই প্রি-অর্ডারসহ ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে গেমটি। বাঙালি গেমার ও সংগীতপ্রেমীদের জন্য এতে রয়েছে দারুণ এক চমক। গেমটির অফিশিয়াল সাউন্ডট্র্যাকে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান।

গেমটির কাল্পনিক শহর লিওনিডার রাস্তায় গাড়ি চালানোর সময় ইন-গেম রেডিও স্টেশনে শোনা যাচ্ছে ৪৪ বছর আগের বাংলা ডিস্কো গান ‘আজ শনিবার’। ১৯৮২ সালে প্রকাশিত কলকাতার গায়িকা রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের গান এটি। বাংলা ও হিন্দি কথার মিশেলে তৈরি এই গানে ডিস্কো, ফাঙ্ক ও ভারতীয় ধ্রুপদি সুরের অনন্য মেলবন্ধন ঘটিয়েছিলেন কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খান।

তবে মুক্তির পর চরমভাবে ব্যর্থ হয় ডিস্কো জ্যাজ অ্যালবামটি। চার দশক আগের সেই ফ্লপ গান আজ বিশ্বজুড়ে আলোচনায়। কিন্তু কীভাবে ঘটল এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন? এর সূত্রপাত ২০১২ সালে। সে বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘মিস লাভলি’ সিনেমায় ব্যবহৃত হয় ‘আজ শনিবার’ গানটি। একই বছর কলকাতা থেকে রূপার অ্যালবামটি সংগ্রহ করে জার্মানির হামবুর্গের এক বিক্রেতা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য তোলেন। সেখান থেকে গানটি নিয়ে সুইডিশ ডিজে অ্যালবিয়ন ভেনাবলস তাঁর কনসার্টে বাজাতে শুরু করেন।

পরের বছর জার্মান মিউজিক লেবেল অভুলার গানটির একটি বুটলেগ সংস্করণ প্রকাশ করে। ২০১৯ সালে শিকাগোর আর্কাইভাল লেবেল নুমেরো গ্রুপ অ্যালবামটি নতুন করে প্রকাশ করলে এটি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২০ সালে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড লোয়েভের বিজ্ঞাপন এবং ২০২১ সালে নেটফ্লিক্সের ‘কাউবয় বিবপ’ সিরিজেও গানটি ব্যবহৃত হয়।

‘গ্র্যান্ড থেফট অটো ৬’ ভিডিও গেমের দৃশ্য

অথচ নিজের গানের এই বিশ্বজয়ের খবর দীর্ঘদিন জানতেনই না রূপা বিশ্বাস। ২০১৯ সালে পুরোনো রেকর্ডটি খুঁজে পেয়ে তাঁর ছেলে দেবায়ন অনলাইন ঘেঁটে মায়ের এই জনপ্রিয়তা আবিষ্কার করেন। তিনি দেখেন, আন্তর্জাতিক সংগীত সমালোচকেরা তাঁর মাকে ‘লুকানো রত্ন’ ও ‘ভারতীয় ডিস্কোর অমূল্য সম্পদ’ হিসেবে প্রশংসা করছেন।

রূপা বিশ্বাসের ডিস্কো জ্যাজ অ্যালবামের জন্মকথা শুরু হয়েছিল ১৯৮১ সালে কানাডায়। কলকাতার রবীন্দ্রভারতী থেকে সংগীতে স্নাতকোত্তর শেষ করে পরিবারের সঙ্গে কানাডাপ্রবাসী বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে যান রূপা। সেখানে ঘরোয়া আসরে তাঁর গান শুনে মুগ্ধ হন বড় ভাইয়ের বন্ধুরা। আকাশবাণীর শিল্পী হিসেবে ক্যালগারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে তাঁর একক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁর দুই নাতি আশীষ খান ও প্রণেশ খান। তাঁরা রূপার সঙ্গে মিলে ডিস্কো, জ্যাজ ও ভারতীয় ধ্রুপদি সংগীতের মিশেলে একটি নিরীক্ষাধর্মী অ্যালবাম তৈরির প্রস্তাব দেন। সেই সূত্রেই ১৯৮২ সালে মুক্তি পায় ডিস্কো জ্যাজ।

অ্যালবামটি যখন ভারতে মুক্তি পায়, তখন নাজিয়া হাসানের ‘ডিস্কো দিওয়ানে’ আর বলিউডের ডিস্কো গানের জয়জয়কার। এসবের ভিড়ে রূপার অ্যালবামটি খুব একটা সাড়া ফেলতে পারেনি। হাতে গোনা কয়েকটি কপি বিক্রি হওয়ায় হতাশ হয়ে সংগীতজগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন রূপা বিশ্বাস। ১৯৮৪ সালে বিয়ের পর ইন্দোনেশিয়ায় পাড়ি জমান এবং ২০১০ সালে স্বামীর মৃত্যুর পর গান গাওয়া পুরোপুরি ছেড়ে দেন।

অবশেষে জিটিএ ৬-এর মাধ্যমে ৪৪ বছর আগে রূপা বিশ্বাসের গাওয়া গানটি পৌঁছে গেল বিশ্বের কোটি কোটি গেমারের কানে। উচ্ছ্বসিত এই শিল্পী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘জিটিএ ৬-এ আজ শনিবার গানটি বাজছে, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের।’ তিনি যেন প্রমাণ করে দিলেন, সত্যিকারের সংগীত কখনো পুরোনো হয় না, কয়েক দশক পর হলেও তা ঠিকই নিজের শ্রোতা খুঁজে নেয়।