প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়ছেন সংগীত পরিচালক, সুরকার ও কণ্ঠশিল্পী ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চলছে তাঁর চিকিৎসা। সম্প্রতি এক ভিডিও বার্তায় টিপু জানালেন, আগের চেয়ে ভালো আছেন তিনি। হারমোনিয়াম বাজিয়ে গাইতেও দেখা গেল তাঁকে। জানালেন আবার গানে ফেরার ইচ্ছার কথা।
২০২৫ সালের শুরুতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ইবরার টিপু জানতে পারেন তিনি কিডনি ক্যানসারে আক্রান্ত। ওই বছরের মার্চে শুরু হয় তাঁর কেমোথেরাপি। এরপর দুই দফা বড় ধরনের অস্ত্রোপচার হয় তাঁর। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর কথা বলতে সমস্যা হয় ইবরার টিপুর। পারছিলেন না গান গাইতে। অবশেষে হারমোনিয়ামের সঙ্গে গাইলেন ‘আমি সবকিছু ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারব না।’ সেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
গান শেষে ইবরার টিপু বলেন, ‘প্রায় দুই বছর পর গান গাইতে পারলাম। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর আমার কণ্ঠ প্রায় চলে গিয়েছিল, কথা বলতে পারতাম না। এখন অনেকটা ভালো আছি। আমার স্ত্রী বিন্দু কণার অনুরোধে আবার গাইলাম। আশা করছি আবার গাইতে পারব।’
ইবরার টিপুর ক্যানসারের খবর প্রথমে গোপন রাখা হয়েছিল। দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের পর তাঁর ওজন কমে যায় অস্বাভাবিকভাবে। গত জুলাইয়ে সোশ্যাল মিডিয়ায় টিপুকে দেখে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। পরে তাঁর স্ত্রী বিন্দু কণা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান ইবরার টিপুর ক্যানসারের কথা।
বর্তমানে নিজের শারীরিক অবস্থা জানিয়ে ইবরার টিপু বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ ব্রেনে একটা সার্জারি হলো। রিপোর্ট ভালো এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে টিপু বলেন, ‘আমি দেশে আসতে চাই। পরিবার, বন্ধু-বান্ধব, মিউজিশিয়ান, শিল্পীদের সঙ্গে দেখা করব। বহুদিন ধরে এমন ইচ্ছা। সুস্থ হলেই দেশে আসব আমি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য।’