হোম > বিনোদন > গান

পূজায় এল নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আনন্দ, শান্তি আর সম্প্রীতির বার্তা নিয়ে আবার এসেছে বাঙালি হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিতে প্রকাশিত হয়েছে একগুচ্ছ নতুন গান।

জয় দুর্গা মায়ের জয়

ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার ভাবনা, তত্ত্বাবধান ও প্রযোজনায় প্রকাশিত হয়েছে ‘জয় দুর্গা মায়ের জয়’ শিরোনামের গান। কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা, হৈমন্তী রক্ষিত দাস, কর্ণিয়া ও স্বপ্নীল সজীব। সঞ্জীবন চক্রবর্ত্তীর লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরির ব্যানারে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফি করেছেন সাইফুল ইসলাম।

গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘পূজার যে আনন্দ, এ গানে সে আনন্দই খুঁজে পাবেন শ্রোতা-দর্শকেরা। উজ্জ্বল সিনহা দারুণ সুর করেছেন। হৈমন্তী, কর্ণিয়া ও স্বপ্নীল যথেষ্ট আন্তরিকতা নিয়ে গেয়েছেন। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’ শিল্পীদের ফেসবুক পেজের পাশাপাশি গানটি প্রকাশ করা হয়েছে বিশ্বরঙের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

মেঘ আড়ালে

গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে সুতপা মণ্ডল ও মঙ্কস পার্লের নতুন গান ‘মেঘ আড়ালে’। গান লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস। সুর, সংগীত আয়োজন ও প্রযোজনা করেছেন অদিত রহমান। পারকিউশন বাজিয়েছেন মিঠুন চক্র, সেতারে সোহিনি মজুমদার।

পুরোনো দিনের ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব এবং বাদ্যযন্ত্রে সাজানো সেটে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন একে পরাগ। নৃত্য পরিবেশনায় শ্রেষ্ঠা সরকার।

সুতপা মণ্ডল বলেন, ‘গানের একটি অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সোহিনি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে। মঙ্কস পার্লও দারুণ গেয়েছেন। সেই সঙ্গে গানের সুর ও সংগীত আয়োজন অসাধারণ মনে হয়েছে। সব মিলিয়ে গানটি আমাদের প্রত্যাশা অনেক বেশি।’

মহাদুর্গা

দেবী দুর্গার মহিমা, নারীশক্তি, মানবতা, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে ‘মহাদুর্গা’। গানজানালা ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি তৈরি হয়েছে শাস্ত্রীয়, লোকজ ও আধুনিক সংগীতের সমন্বয়ে।

মহাদুর্গা গানটিতে কণ্ঠ দিয়েছেন ভবসিন্ধু সরকার, দোলা অধিকারী, শুভ্র সরকার, মৌমিতা বিশ্বাস, এসডি সাগর, সিক্তা সাহা, সোহাগ চন্দ্র সাহা ও তন্বী সাহা। কোরাসে অংশ নিয়েছেন সঞ্চয় সরকার, সুস্মিতা মণ্ডল, স্বর্ণালী সরকার তৃষা, শ্রাবণী মৃধা, স্নিগ্ধ বিশ্বাস, অজয় চৌধুরী ও শিমুল সরকার। গান লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর করেছেন ভবসিন্ধু সরকার এবং প্রযোজনা করেছেন শামীম হাসান।

গানের ভিডিও পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার। চিত্রগ্রহণে ছিলেন রফিকুল ইসলাম। দেবী দুর্গার কুমারী রূপে অভিনয় করেছে শিশুশিল্পী আইরা। আরও অংশ নিয়েছেন পীযূষ দত্ত, সঞ্জীবন চক্রবর্তী ও শিশুশিল্পী প্রিয়ম।

হৃদয় দিয়েছি তোমারে

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন গান ‘হৃদয় দিয়েছি তোমারে’। গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুবাইয়াত জাহান। রোমান্টিক ঘরানার এই গান প্রকাশ পেয়েছে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

প্রিয় দুর্গা মা

রিভাইভ রেকর্ডস থেকে প্রকাশ পেয়েছে বিশ্বজিতের গাওয়া গান ‘প্রিয় দুর্গা মা’। গানটি লিখেছেন মাহী ফ্লোরা। সুর করেছেন বিশ্বজিৎ, সংগীতায়োজনে সব্যসাচী রনি। শিল্পী জানান, দুর্গাপূজার আমেজকে মানুষের মনে আরেকটু রঙিনভাবে পৌঁছে দিতে গানটি করেছেন তাঁরা। এর কথা ও সুরে দেবী দুর্গার বন্দনা যেমন করা হয়েছে, তেমনি রয়েছে আনন্দ-উদ্‌যাপনের বাণী। তাই শ্রোতাদের মনে গানটি বিশেষভাবে দোলা দেবে বলে প্রত্যাশা শিল্পীর।

নজরুলের ভক্তিগীতি

কাজী নজরুল ইসলামের কালজয়ী ভক্তিগীতি ‘মাগো চিন্ময়ী রূপ ধরে আয়’ গানটি নতুন আবহে শ্রোতাদের সামনে নিয়ে এসেছে জি সিরিজ। কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী ডা. কাকলী হালদার। যৌথভাবে সংগীত পরিচালনা করেছেন সুমন চৌধুরী ও ইবনে রাজন। রেকর্ডিং হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের স্টুডিওতে।​ গানটির আবেগ ও ভক্তির ভাবরসকে দৃশ্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন নৃত্যশিল্পী সঞ্চিতা চক্রবর্তী। জি সিরিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি।

মা এলো

নিজের ইউটিউব চ্যানেলে সংগীতশিল্পী রাহিদা লগ্না প্রকাশ করেছেন ‘মা এলো’ শিরোনামের গান। গানটি লিখেছেন, সুর করেছেন ও কণ্ঠ দিয়েছেন রাহিদা লগ্না। গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। সংগীত পরিচালনা করেছেন সুমন। গানটি দেবী দুর্গার আগমনের আনন্দকে আরও বাড়িয়ে দেবে বলে আশাবাদী লগ্না।

আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ: জেমস

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

এক মঞ্চে জেমস ও হাসান, ফিরছে বাংলা রকের নস্টালজিয়া

সমরজিৎ ও প্রিয়াংকার সঙ্গে সুরছায়ার ছয় শিক্ষার্থী

ঈশানের নতুন গান ‘ধূপ’

নতুন সংগীতায়োজনে ‘ট্র্যাজেডি পিলখানায়’, আসিফের সঙ্গে রোদসী