হোম > বিনোদন > গান

বাপ্পার একক সংগীতসন্ধ্যা ‘মুনলিট মেলোডিজ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাপ্পা মজুমদার। ছবি: সংগৃহীত

ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এর আগে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শিক্ষার্থীদের জন্য ‘গণজোয়ার’ শিরোনামের কনসার্টের পাশাপাশি একাধিক মিউজিক শো আয়োজন করে সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাপ্পা মাজুমদারের কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘মুনলিট মেলোডিজ’। ১৩ সেপ্টেম্বর ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করেছেন বাপ্পা মাজুমদার। সেই পোস্টে তিনি ভক্তদের অনুরোধ জানিয়েছেন কনসার্টটির তারিখ সেভ করে রাখতে। জানা গেছে, কনসার্টে ‘পরী’, ‘বাজি’, ‘দিন বাড়ি যায়’সহ নিজের গাওয়া বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে শোনাবেন বাপ্পা।

ম্যাভিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়নি। শিগগির জানিয়ে দেওয়া হবে টিকিটের মূল্য, টিকিট ক্রয়ের নিয়মসহ কনসার্টের সময়সূচি ও বিস্তারিত অনুষঙ্গ।

বাপ্পা মজুমদার দলছুট ব্যান্ডের দলপ্রধান। ব্যান্ডের পাশাপাশি গড়ে তুলেছেন নিজের একক গানের ক্যারিয়ার। ব্যান্ড নিয়ে কনসার্টে নিয়মিত গাইলেও নিজের একক সংগীতসন্ধ্যা কমই করেছেন তিনি। ২০২২ সালে একটি একক কনসার্ট করেছিলেন বাপ্পা। ২০২৪ সালে কারখানা ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ব্লুজ কমিউনিকেশন যৌথভাবে আয়োজন করেছিল ‘ওডিসি’ শিরোনামে বাপ্পার একক কনসার্ট। এতে নিজের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি তাঁর সুর করা ‘সত্তা’ সিনেমার গানগুলো গেয়ে শোনান বাপ্পা। গত বছর ১২ জুলাই রাজধানীর তেজগাঁওয়ে ইয়ামাহা মিউজিক লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছিল বাপ্পার আরও একটি একক কনসার্ট। এ বছর ১২ জুলাই ঢাকার বনানীর যাত্রাবিরতিতে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ সংগীতসন্ধ্যা। এটি বাপ্পার নিজের একক অনুষ্ঠান না হলেও তাঁর তিন দশকের সংগীত ক্যারিয়ারকে সম্মান জানাতে নতুন প্রজন্মের আটজন শিল্পী গেয়ে শোনান বাপ্পার গান।

গান গাওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেন বাপ্পা। তাঁর সুরে গান গেয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ন্যান্‌সি, কনা, এলিটা, কোনালসহ অনেকে। সিনেমায় বাপ্পার সুরে গেয়েছেন জেমস, মমতাজ, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, কনাসহ অনেকে। গত বছর রুনা লায়লার সঙ্গে ‘অনায়াসে’ শিরোনামের একটি গজল ঘরানার গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা। সবশেষ গত ২২ আগস্ট তিনি প্রকাশ করেছেন নিজের কথা, সুর ও সংগীতায়োজনে গাওয়া ‘গলে যাওয়া সময়’ শিরোনামের একটি গান।