হোম > বিনোদন > গান

নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর গান

গীতিকারদের প্রতিবাদ, চট্টগ্রামে ভক্তদের মানববন্ধন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর ২০ গানে তৈরি ‘উত্তরাধিকার’ অ্যালবাম নিয়ে চলছে বিতর্ক। এবার আইয়ুব বাচ্চুর গান বিকৃত করার প্রতিবাদ জানিয়ে উত্তরাধিকার অ্যালবামটি বাতিলের দাবিতে চট্টগ্রামে মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেছে ‘ভয়েস ফর এবি’। অন্যদিকে, অনুমতি না নিয়ে উত্তরাধিকার অ্যালবামে মানহীনভাবে গান উপস্থাপনের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন গানগুলোর গীতিকারেরা। এরই মধ্যে সমালোচনার মুখে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে দুটি গান।

রুটস ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সংগীতশিল্পী হাফিজ মুবিনের সঞ্চালনায় গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের ‘রূপালী গিটার’ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন ব্যান্ডের শিল্পী, মিউজিশিয়ান ও সংগীতপ্রেমীরা। এ সময় উত্তরাধিকার অ্যালবামটি প্রত্যাহারের দাবি জানিয়ে প্রতিবাদকারীরা জানান, এ কর্মসূচি কাউকে ছোট করার জন্য নয়। তাঁদের একমাত্র চাওয়া, আইয়ুব বাচ্চুর গান যথাযথ মর্যাদায় সংরক্ষিত হোক। নতুন প্রজন্ম আইয়ুব বাচ্চুর গান কভার করবে, এতে তাঁদের কোনো আপত্তি নেই। তবে মূল গানের সুর ও আবেগ যেন বিকৃত না হয়।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সহযাত্রী এলআরবি ব্যান্ডের ড্রামার গোলাম রহমান রোমেল। প্রতিবাদ কর্মসূচি নিয়ে রোমেল বলেন, ‘উত্তরাধিকার প্রকল্পটি বাতিলের দাবি নিয়ে চট্টগ্রামের মিউজিশিয়ানরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছেন। মনে কষ্ট পেয়েই এই মানববন্ধনে উপস্থিত হয়েছিলেন সবাই। সবার একটাই দাবি, এই উত্তরাধিকার প্রজেক্ট বাতিল করা হোক।’

উত্তরাধিকার অ্যালবামে আইয়ুব বাচ্চুর গান বিকৃত করা হয়েছে দাবি করে রোমেল বলেন, ‘যে গানগুলো উত্তরাধিকার প্রকল্পে ব্যবহার করা হয়েছে, সেগুলো স্টেজে বসের (আইয়ুব) সঙ্গে অসংখ্যবার বাজিয়েছি। এই গানগুলোর সঙ্গে আমার ইমোশন জড়িত। নতুন আয়োজনে ঘুমন্ত শহর শোনার পর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি। কষ্ট কাকে বলে গানটির ক্ষেত্রেও একই কথা বলব। আইয়ুব বাচ্চুকে নিয়ে ফাইজলামি করা ঠিক না। আইয়ুব বাচ্চু স্যারের গান সবাইকে গাইতে দেওয়া উচিত। নতুন আয়োজনেও করা যেতে পারে। তবে অবশ্যই রেসপেক্ট থাকতে হবে। এই গানের গীতিকারদের সঙ্গে আলোচনা করা যেত। হামিন আহমেদ, টিপু ভাই, পার্থদাসহ সিনিয়র মিউজিশিয়ানদের সঙ্গে আলোচনা করে গানগুলো করা যেত।’

উত্তরাধিকার অ্যালবামের গানগুলোর ছয় গীতিকারের পক্ষ থেকে গতকাল রাতে একটি যুক্ত বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। গীতিকার ছয়জন হলেন বাপ্পী খান, লতিফুল ইসলাম শিবলী, যায়েদ আমীন, এনজেল শফিক, নিয়াজ আহমেদ অংশু ও প্রয়াত কাওসার আহমেদ চৌধুরীর পক্ষে আহমেদ শাফি চৌধুরী প্রতীক। বিবৃতিতে লেখা হয়েছে, ‘উত্তরাধিকার প্রকল্পে ব্যবহৃত আমাদের লেখা কোনো গানের জন্য আমরা দায়বদ্ধ নই। আমরা উত্তরাধিকার প্রকল্পে ব্যবহৃত কোনো গানের জন্য অনাপত্তিপত্র প্রদান করি নাই ও করব না, কারণ এই ধরনের দলিল কেবল সাধারণ সম্মতির গণ্ডি পেরিয়ে গীতিকারদের অধিকার, রয়্যালটি ও অন্যান্য স্বার্থ সমর্পণ বা হস্তান্তরের শামিল বলে গণ্য হতে পারে। অর্ধেক মেধাস্বত্বের মালিক হওয়া সত্ত্বেও আমাদের কাউকে অবহিত না করে আমাদের লেখা গান নতুনভাবে তৈরি করা যেমন আইনত অপরাধ, তেমনি অপমানজনক।’

১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে ইউটিউবে প্রকাশ পায় উত্তরাধিকার অ্যালবামের প্রথম গান। প্রতিদিন একটি করে গান প্রকাশের কথা থাকলেও ৭টি গান প্রকাশের পর বন্ধ আছে গান প্রকাশ। এ ছাড়া সমালোচনার মুখে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে কানিজ সুবর্ণার গাওয়া ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ ও অদিত রহমানের গাওয়া ‘ঘুমন্ত শহর’ গান দুটি। এ নিয়ে অবশ্য এখন পর্যন্ত আইয়ুব বাচ্চুর পরিবার ও উত্তরাধিকার অ্যালবামের পরিকল্পক চিশতি ইকবালের কোনো বিবৃতি পাওয়া যায়নি।