হোম > বিনোদন > গান
আইয়ুব বাচ্চুর স্মরণে

আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ: জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আইয়ুব বাচ্চু (১৯৬২-২০১৮)। ছবি: সংগৃহীত

২০১৮ সালের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। আজ এই রক আইকনের ৮ম মৃত্যুবার্ষিকী। এখনো তাঁর গান, তাঁর স্মৃতি সবার মনে উজ্জ্বল। আইয়ুব বাচ্চুর সঙ্গে নগর বাউল জেমসের সম্পর্ক নিয়ে এখনো নানা মতভেদ শোনা যায়। কারও কারও ধারণা, আইয়ুব বাচ্চু ও জেমসের মাঝে ভালো সম্পর্ক ছিল না। কেউ কেউ মনে করেন, দুজনের সম্পর্কটা ছিল বন্ধুর মতো। আবার কারও ধারণা তাঁদের সম্পর্কটা ছিল একেবারেই পেশাগত। ভক্তদের এমন ধারণার বিষয়ে পরিষ্কার হতে সম্প্রতি কথা হয় জেমসের সঙ্গে।

জেমস

তিনি জানালেন, তাঁদের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আরও জানালেন আইয়ুব বাচ্চুকে সব সময় মিস করেন তিনি।

জেমস ও আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ডের জগতের তুমুল জনপ্রিয় দুই শিল্পী। গান নিয়ে প্রতিযোগিতা হতো তাঁদের। কে কার চেয়ে ভালো গান উপহার দেবেন, কে কার চেয়ে ভালো স্টেজ পারফরম্যান্স করতে পারেন। মূলত এ কারণেই অনেকে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দ্বিধায় পড়েন। জেমসও স্বীকার করে নিলেন সেই প্রতিযোগিতার কথা। বললেন, ‘ভালো করার একটা প্রতিযোগিতা ছিল আমাদের মাঝে। তবে তার প্রভাব পড়েনি ব্যক্তিজীবনে। আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ।’

আইয়ুব বাচ্চুকে নিয়ে জেমস বলেন, ‘আমরা একজন আরেকজনের রেকর্ডিংয়ে যেতাম। দেখা যেত আমি রেকর্ডিং করছি, সেখানে বাচ্চু ভাই আসছেন; আবার তাঁর রেকর্ডিংয়ে আমি গিয়ে উপস্থিত। আমাদের সময়ে স্টুডিওগুলো খুব জমজমাট থাকত। সেখানে মিউজিশিয়ানরা একসঙ্গে গল্প-গুজব করতাম। নিজেদের মধ্যে অনেক কিছু আদান-প্রদান হতো, একজন আরেকজনকে পরামর্শ দিত। সেই সময়গুলো খুব মিস করি।’

আইয়ুব বাচ্চুকে এখনো মিস করেন জানিয়ে জেমস আরও বলেন, ‘এমনিতে আমাদের ভালো সম্পর্ক ছিল। এবির (আইয়ুব বাচ্চু) সঙ্গে কথা বলা শুরু হলে তা চলতেই থাকত। তুমুল আড্ডাবাজ লোক ছিলেন। খুব মজার মানুষ ছিলেন। সেই সম্পর্কটা আর কারও সঙ্গে হয়নি। তাঁকে সব সময় মিস করি। মাঝে মাঝে খুব রাগও লাগে। চলে গেল, কোনো কারণ ছাড়া।’

জেমসের সঙ্গে আইয়ুব বাচ্চুর সঙ্গে শেষ কথা হয়েছিল ফোনে। তবে সেই কথা প্রকাশ করতে রাজি নন তিনি। জেমস বলেন, ‘আইয়ুব বাচ্চুর সঙ্গে শেষ দেখা হয়েছিল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আর ফোনে শেষ যে কথা হয়েছিল, সেটা বলতে চাই না। এটা খুব ব্যক্তিগত। সেটা অপ্রকাশিতই থাকুক।’

বাচ্চুর মৃত্যুবার্ষিকীর আয়োজন

আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস উপলক্ষে চট্টগ্রামে দুই দিনব্যাপী আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফ্যান ক্লাব। আজ ১৮ অক্টোবর তাঁর কবর জিয়ারত, মিলাদ ও দোয়ার পাশাপাশি বিকেলে পথশিশুদের সামাজিক সংগঠন উপলব্ধি ফাউন্ডেশনে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হবে। ২৯ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে স্মরণসভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

এক মঞ্চে জেমস ও হাসান, ফিরছে বাংলা রকের নস্টালজিয়া

সমরজিৎ ও প্রিয়াংকার সঙ্গে সুরছায়ার ছয় শিক্ষার্থী

ঈশানের নতুন গান ‘ধূপ’

নতুন সংগীতায়োজনে ‘ট্র্যাজেডি পিলখানায়’, আসিফের সঙ্গে রোদসী

বেতারের জন্য আগুন ও প্রিয়াঙ্কার কণ্ঠে সুমীর লেখা গান