হোম > বিনোদন > গান

হাসান ও আর্ককে সম্মান জানিয়ে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আর্ক ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন আর্ক ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী হাসান। ওই দিন গান পরিবেশনের সময় হাসানকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয় দর্শকসারি থেকে। শিল্পীর প্রতি এমন অসম্মানজনক আচরণে সংগীতাঙ্গনের মানুষ থেকে শুরু করে দর্শকেরাও তীব্র নিন্দা জানান।

এ ধরনের অপ্রীতিকর ঘটনার প্রতিবাদ জানাতে এবং শিল্পীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার বার্তা দিয়ে আয়োজন করা হয়েছে ‘লাউড সিটি—টেকওভার’ শিরোনামের কনসার্ট। আগামী ৪ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন হাসান ও তাঁর ব্যান্ড আর্ক। আরও পারফর্ম করবে সাতটি ব্যান্ড। ব্যান্ড সাতটি হলো ক্রিপটিক ফেইট, কার্নিভাল, লেভেল ফাইভ, একে রাহুল, ব্ল্যাক জ্যাং, মেটাল এরোর এবং আচার। কনসার্টটি আয়োজন করছে গেট এমপেড সিরিজ ও পিকআপ পয়েন্ট কমিউনিকেশন।

সোশ্যাল মিডিয়ায় এই কনসার্টের খবর জানিয়ে সংগীতশিল্পী একে রাহুল লেখেন, ‘কিছুদিন আগে আমাদের সবার প্রিয় রক কিংবদন্তি হাসান ভাইকে ঘিরে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও অত্যন্ত দুঃখজনক ঘটনাটি আমাদের সবাইকে নাড়া দিয়েছিল। ঘটনাটি দেখার পরই আর্ক ব্যান্ডের টিংকু ভাইকে ফোন করে আমার দুঃখপ্রকাশ করি। একই সঙ্গে তাঁকে আশ্বস্ত করেছিলাম—আমাদের মিউজিক কিংবদন্তিদের যে সম্মান প্রাপ্য, সেই সম্মান আমরা ফিরিয়ে দিতে চাই।’

তিনি আরও লেখেন, ‘সেদিন একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা এমন একটি আয়োজন করবো, যেখানে তাঁরা নিজেদের মতো করে, যতক্ষণ খুশি, মন খুলে বাজাতে পারবেন, গাইতে পারবেন। কোনো তাড়া থাকবে না, কোনো সীমাবদ্ধতা থাকবে না। থাকবে শুধু শিল্পী ও সংগীতের স্বাধীনতা। এই আয়োজনের হেডলাইনার হিসেবে থাকছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি হাসান ভাইয়ের ব্যান্ড আর্ক। পাশাপাশি মঞ্চ মাতাবে আরও সাতটি শক্তিশালী ব্যান্ড। এটি শুধু একটি কনসার্ট নয়। এটি আমাদের শেকড়, আমাদের রক মিউজিক এবং আমাদের কিংবদন্তি শিল্পীদের প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর একটি প্রয়াস।’

৪ সেপ্টেম্বর বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে লাউড সিটি—টেকওভার কনসার্টের মূল আয়োজন। দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে ৩০ মিনিট আগে। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ টাকা ও ৮৯৯ টাকা। পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম টিকিফাইতে।