সাত বছর মদ্যপান থেকে দূরে থাকার পর আবারও মদ্যপান শুরু করেছেন হলিউড তারকা ব্র্যাড পিট। তবে এবার তা সীমিত পরিমাণে রাখছেন বলে জানিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেতা। সম্প্রতি ‘অ্যাসক্যুইর’ (Esquire) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মদ্যপানে ফেরার বিষয়টি খোলাখুলি স্বীকার করেন তিনি।
ব্র্যাড পিটের মদ্যপান থেকে বিরত থাকার যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালে। ওই সময় স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। ব্যক্তিগত জীবনের সেই কঠিন সময়ের পর নিজেকে সামলাতে তিনি অ্যালকোহল ছেড়ে দেন এবং নিয়মিত ‘অ্যালকোহলিকস অ্যানোনিমাস’ বা এএ (AA) সভায় যোগ দিতে শুরু করেন।
‘অ্যাসক্যুইর’-এর সাক্ষাৎকারে পিট সাক্ষাৎকার গ্রহীতাকে এক গ্লাস ওয়াইন অফার করলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—মদ্যপান ছেড়ে দেওয়ার পর তিনি এখন অতিথিদের অ্যালকোহল অফার করেন কি না। জবাবে পিট বলেন, তিনি সাত বছর মদ্যপান থেকে বিরত ছিলেন, কিন্তু পরে আবার ‘ওয়াগন থেকে নেমে’ অর্থাৎ মদ্যপানে ফিরে গেছেন।
তবে এবার তিনি আগের মতো অতিরিক্ত পান করেন না। পিট বলেন, কয়েকবার তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ভেবেছিলেন, ‘হ্যাঁ, এবার ঠিক আছে।’ পরে বুঝেছেন, অতিরিক্ত মদ্যপান তার জন্য ভালো নয়। এখন মাঝেমধ্যে দুই-এক গ্লাস ওয়াইন পান করেন তিনি। তবে পরিমাণের বিষয়ে সতর্ক থাকেন।
এর কারণ হিসেবে পিট জানান, তিনি এখন সকালগুলো উপভোগ করেন এবং আগের রাতের অতিরিক্ত মদ্যপানের কারণে পরদিনের সকাল নষ্ট করতে চান না।
২০২৫ সালে ড্যাক্স শেপার্ডের ‘আর্মচেয়ার অ্যাক্সপার্ট’ পডকাস্টেও নিজের মদ্যপান ছাড়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন পিট। এএ সভাগুলোকে তিনি ‘অসাধারণ অভিজ্ঞতা’ হিসেবে উল্লেখ করেন। সেখানে মানুষের নিজেদের ভুল, দুর্বলতা, আকাঙ্ক্ষা ও কষ্টের কথা অকপটে বলার বিষয়টি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
২০১৯ সালে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারেও পিট বলেছিলেন, নিজের জীবনের ‘কুৎসিত দিকগুলো’ প্রকাশ্যে স্বীকার করার মধ্যে তিনি এক ধরনের মুক্তি খুঁজে পেয়েছিলেন।