হোম > বিনোদন > হলিউড

মালিকানা বদলাচ্ছে ‘লেটারবক্সড’-এর, কেনার দৌড়ে ওটিটি ও হলিউড জায়ান্টরা

বিনোদন ডেস্ক

সিনেমার রিভিউ দেওয়া, রেটিং করা এবং ওয়াচলিস্ট তৈরির জনপ্রিয় প্ল্যাটফর্ম লেটারবক্সড। ছবি: সংগৃহীত

বদলে যাচ্ছে চলচ্চিত্রপ্রেমীদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘লেটারবক্সড’-এর মালিকানা। প্ল্যাটফর্মটি বিক্রির জন্য ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এটি কেনার দৌড়ে শামিল হয়েছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স, সনি পিকচার্স, ডেভিড এলিসনের প্যারামাউন্ট স্কাইড্যান্স এবং প্রাইভেট ইকুইটি জায়ান্ট টিপিজি। এমনকি রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানও এটি কেনার আগ্রহ দেখিয়েছেন।

সিনেমার রিভিউ দেওয়া, রেটিং করা এবং নিজেদের পছন্দের সিনেমার তালিকা (ওয়াচলিস্ট) তৈরি করার জন্য বিশ্বজুড়ে দর্শকদের অন্যতম প্রধান ভরসা লেটারবক্সড। ২০১১ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা করোনার সময় থেকে দ্রুত গতিতে বাড়ছে। সম্প্রতি তারা একটি অনলাইন ভিডিও রেন্টাল সার্ভিসও চালু করেছে।

সব শেষ ২০২৬ সালের জুনের হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী এর সদস্য সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে, যার মধ্যে কেবল গত এক বছরেই যুক্ত হয়েছে এক কোটি নতুন সদস্য। এই বিপুল জনপ্রিয়তার কারণেই এখন হলিউডের ওটিটি ও প্রোডাকশন জায়ান্টদের নজর পড়েছে প্ল্যাটফর্মটির ওপর।

ভ্যারাইটি, দ্য গার্ডিয়ানসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লেটারবক্সড বিক্রির এই প্রক্রিয়া দেখভাল করছে বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক লায়নট্রি। তারা প্ল্যাটফর্মটির সম্ভাব্য বাজারমূল্য বা ভ্যালুয়েশন ধরেছে প্রায় ২৫ কোটি মার্কিন ডলার। অথচ মাত্র ৩ বছর আগে, ২০২৩ সালে কানাডিয়ান হোল্ডিং কোম্পানি টাইনি যখন এর ৬০ শতাংশ শেয়ার কিনেছিল, তখন ভ্যালুয়েশন ছিল ৫ থেকে ৬ কোটি ডলার। বাকি ৪০ শতাংশ শেয়ারের মালিকানা এখনো এর মূল প্রতিষ্ঠাতা ম্যাথিউ বুকানন এবং কার্ল ভন র‍্যান্ডোর হাতে রয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, লেটারবক্সড ক্রয়ের এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো পক্ষই চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি। সম্ভাব্য বিক্রির বিষয়ে লেটারবক্সডের একজন মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মটি যেভাবে বড় হচ্ছে তাতে এর ভবিষ্যৎ নিয়ে সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে জানানোর মতো কোনো তথ্য নেই।

৮৮ বছর বয়সে অ্যান্থনি হপকিন্সের স্বপ্নপূরণ

এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

নেটফ্লিক্সের টাকা তছরুপের দায়ে হলিউড পরিচালকের কারাদণ্ড

ইতিহাসের সফলতম বায়োপিক ‘মাইকেল’

শ্রেকের স্পিনঅফের নায়ক ডানকি

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের দাবি ঘিরে ধোঁয়াশা

সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে স্পাইডার-ম্যান

চার থেকে এবার পাঁচ, বড় হচ্ছে অ্যান হ্যাথাওয়ের সুখী পরিবার

স্যাম অল্টম্যানের বায়োপিক ‘আর্টিফিশিয়াল’ মুক্তি দেবে না আমাজন

‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমায় অ্যানিয়া টেলর