হোম > বিনোদন > সিনেমা

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বিনোদন ডেস্ক

‘আখরি সওয়াল’ সিনেমার দৃশ্য

ককটেল ২ (হিন্দি সিনেমা)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৪ আগস্ট)
  • অভিনয়: শহীদ কাপুর, রাশমিকা মান্দানা, কৃতি শ্যানন
  • গল্পসংক্ষেপ: ১৬ বছর ধরে সম্পর্কে থাকলেও বিয়ের আনুষ্ঠানিকতায় কোনো আগ্রহ নেই কুনাল ও দিয়ার। একসময় দিয়ার মনে সন্দেহ জাগে, কুনাল সত্যিই কি তার প্রতি বিশ্বস্ত? পরীক্ষা করার জন্য নিজের বান্ধবী অ্যালিকে দিয়ে কুনালকে পটানোর চেষ্টা করে। কিন্তু এই পরীক্ষার খেলা খেলতে গিয়ে তাদের মধ্যে চরম ভুল-বোঝাবুঝি সৃষ্টি হয়।

রিচার সিজন ৪ (ইংরেজি সিরিজ)

  • মুক্তি: প্রাইম ভিডিও (১২ আগস্ট)
  • অভিনয়: অ্যালান রিচসন, মারিয়া স্টেন, সিডেল নোয়েল
  • গল্পসংক্ষেপ: ট্রেনে এক নারীর রহস্যজনক আত্মহত্যার ঘটনা তদন্ত করতে গিয়ে জ্যাক রিচার আবিষ্কার করে, এই মৃত্যুর নেপথ্যে জড়িয়ে আছে কয়েকজন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। রিচার এমন এক পেনড্রাইভের সন্ধান পায়, যেটি পাওয়ার জন্য সিআইএ, পুলিশ আর অপরাধী চক্র তার পিছু নেয়।

উইমেন ইন ব্লু সিজন ২ (স্প্যানিশ সিরিজ)

  • মুক্তি: অ্যাপল টিভি (১২ আগস্ট)
  • অভিনয়: বারবারা মোরি, শিমেনা সারিনিয়ানা, নাতালিয়া তেলেস, আমোরিতা রাসগাদো
  • গল্পসংক্ষেপ: সিরিজটির দ্বিতীয় সিজন তৈরি হয়েছে ১৯৭০-এর দশকের মেক্সিকো সিটির প্রেক্ষাপটে। একজন ছাত্র আন্দোলনকারীর মরদেহ উদ্ধারের পর তদন্তের কাজ শুরু করে চার নারী পুলিশ সদস্য। এই হত্যাকাণ্ডের সূত্র ধরে মেক্সিকোর কুখ্যাত ছাত্র গণহত্যার অন্ধকার অধ্যায় সামনে চলে আসে। প্রকাশ পায় পুলিশ বিভাগের ভেতরের চরম দুর্নীতির চিত্র।

‘উইমেন ইন ব্লু সিজন ২’ সিরিজের দৃশ্য

মাই ব্রিলিয়ান্ট ক্যারিয়ার (অস্ট্রেলিয়ান সিরিজ)

  • মুক্তি: নেটফ্লিক্স (১৩ আগস্ট)
  • অভিনয়: ফিলিপা নর্থইস্ট, ক্রিস্টোফার চিয়াং
  • গল্পসংক্ষেপ: ১৯০০ শতকের গোড়ার দিকে অস্ট্রেলিয়ার এক গ্রামের গল্প। স্বাধীনচেতা তরুণী সিবিলা মেলভিন সমাজের প্রচলিত নিয়ম ভেঙে লেখক হওয়ার স্বপ্ন দেখে। এর মধ্যেই তার জীবনে আসে হ্যারি নামের এক ধনী ও সুদর্শন যুবক। হ্যারির প্রতি আকৃষ্ট হওয়া সত্ত্বেও বিয়ের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ভোগে সিবিলা।

আখরি সওয়াল (হিন্দি সিনেমা)

  • মুক্তি: লায়ন্সগেট প্লে (১৪ আগস্ট)
  • অভিনয়: সঞ্জয় দত্ত, নামাশি চক্রবর্তী, অমিত সাধ, সামিরা রেড্ডি
  • গল্পসংক্ষেপ: ইতিহাস ও আদর্শগত একটি বিতর্ককে কেন্দ্র করে অধ্যাপক গোপাল নাদকার্নিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে বসে তার ছাত্র ভিকি। ক্লাসরুমের সামান্য তর্ক থেকে শুরু হওয়া এই ঘটনা পুরো দেশে তোলপাড় সৃষ্টি করে এবং এতে মিডিয়া, রাজনীতি ও সাধারণ মানুষ জড়িয়ে পড়ে। এর সূত্র ধরে সামনে আসে অধ্যাপক গোপালের অতীতের কিছু কর্মকাণ্ড।