হোম > বিনোদন > সিনেমা

ঈদের দুই দিন আগেও চূড়ান্ত হয়নি সিনেমার সংখ্যা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাকিব খান। ছবি: সংগৃহীত

এখনো চূড়ান্ত হয়নি ঠিক কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। কয়েক বছর ধরে এমনটাই হচ্ছে ঈদের সিনেমা নিয়ে। একাধিক নির্মাতা ও প্রযোজক আছেন দোলাচলে। সিদ্ধান্ত নিতে পারছেন না, কী করবেন। মুক্তি দেবেন নাকি সরে আসবেন! চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে চান শেষ মুহূর্ত পর্যন্ত।

মুক্তির তালিকায় ১০ সিনেমা

রোজার ঈদে ১৬ নির্মাতা চেয়েছিলেন সিনেমা মুক্তি দিতে। শেষ পর্যন্ত আলোর মুখ দেখে ৫টি সিনেমা। এবারও মুক্তির তালিকায় আছে ১০টি সিনেমা। রয়েছে আজমান রুশোর ‘রকস্টার’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, সাইফ চন্দনের ‘মালিক’, সৈকত নাসিরের ‘মাসুদ রানা’, আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, বদিউল আলম খোকনের ‘তছনছ’ ও ‘অফিসার’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং আলোক হাসানের ‘নাকফুলের কাব্য’। সব নির্মাতাই চাচ্ছেন ঈদে সিনেমা মুক্তি দিতে। শেষ পর্যন্ত কয়টি সিনেমা আলোর মুখ দেখবে, তা জানতে অপেক্ষা করতে হবে ঈদের আগের দিন পর্যন্ত। তবে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলের নির্মাতা ঘোষণা দিয়েছেন, শেষ পর্যন্ত হল না পেলে বিকল্প উপায়ে হলেও সিনেমা প্রদর্শনীর ব্যবস্থা করবেন তাঁরা।

দ্বিধায় নির্মাতারা

ঈদের দুই দিন আগেও সিনেমা মুক্তির সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগছেন প্রযোজকেরা। কারণ, দেশে হলের সংখ্যা কমে যাওয়ায় পর্যাপ্ত হল পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। মুক্তির দৌড়ে ১০টি সিনেমা থাকলেও এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে পাঁচটি সিনেমা। এগুলো হলো রকস্টার, রইদ, বনলতা সেন, মালিক ও মাসুদ রানা। বাকি সিনেমাগুলোর নির্মাতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন হল পাওয়ার জন্য। আলোচনা চালিয়ে যাচ্ছেন সিনেপ্লেক্স ও সিঙ্গেলস্ক্রিন হলমালিকদের সঙ্গে।

আছে আইনি জটিলতাও

এবার ঈদের সিনেমার নতুন আলোচনার বিষয় আইনি জটিলতা। সরকারি অনুদানে নির্মিত বনলতা সেন নিয়ে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সঙ্গে নানা বিষয়ে সহপ্রযোজক তরুণ মজুমদারের মতানৈক্য তৈরি হয়েছে। উজ্জ্বলের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন তরুণ। শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। এদিকে মালিক সিনেমার ট্রেলার মুক্তির পর নির্মাতা সাইফ চন্দনের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনাট্যকার সিদ্দিক আহমেদ। অনুমতি না নিয়ে চিত্রনাট্য পরিবর্তনের অভিযোগও এনেছেন তিনি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন এই চিত্রনাট্যকার।

সাড়া নেই গানে

ব্যবসায়িক সাফল্য পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সিনেমার গান। তবে গত কয়েক ঈদে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি সিনেমার গান। এবার মেজবাউর রহমান সুমনের রইদের গানগুলো প্রশংসিত হলেও আশানুরূপ সাফল্য আসেনি, যেমনটা হয়েছিল তাঁর ‘হাওয়া’ সিনেমার গানে। এ ছাড়া শাকিব খান অভিনীত রকস্টার মিউজিক্যাল ফিল্ম হলেও গতকাল পর্যন্ত গান এসেছে দুটি। তবে প্রত্যাশা অনুযায়ী মেলেনি সাড়া।

প্রচারে ভিন্নতার চেষ্টা

নির্মাতারা মুক্তি নিয়ে দ্বিধায় থাকায় প্রচারস্বল্পতায় ভুগেছে সিনেমাগুলো। তবে রকস্টার ও রইদ সিনেমার প্রচারে দেখা গেছে ভিন্নতা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ক্রিকেট ম্যাচের সময় বিগ স্ক্রিন ও টিভি পর্দায় প্রচার করা হয়েছে রকস্টারের পোস্টার। ব্যাকগ্রাউন্ডে বেজেছে গানের অংশবিশেষ। অ্যানিমেশন টিজারও বিজ্ঞাপন আকারে বারবার দেখানো হয়েছে বিভিন্ন টিভি চ্যানেলে। অন্যদিকে সিনেমার গান নিয়ে রবীন্দ্রসরোবরে কনসার্ট করেছে রইদ টিম। এ ছাড়া সিনেমাটি নিয়ে কথা বলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।

প্রত্যাবর্তনের মঞ্চ

রোজার ঈদে ব্যর্থ ছিলেন শাকিব খান। সিঙ্গেলস্ক্রিন থেকে সিনেপ্লেক্স—সব জায়গাতেই ভরাডুবি হয় তাঁর অভিনীত ‘প্রিন্স’ সিনেমার। ব্যর্থতা ঝেড়ে এই ঈদে রকস্টার দিয়ে সাফল্যে ফিরতে মরিয়া শাকিব খান। এ ছাড়া এবারের ঈদ হতে পারে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের প্রত্যাবর্তনের মঞ্চ। ৭ বছর পর মালিক দিয়ে বড় পর্দায় ফিরছে এই জুটি। একাধিক নির্মাতাও বিরতির পর নিয়ে আসছেন তাঁদের নতুন সিনেমা। হাওয়ার তিন বছর পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের। অন্যদিকে ৬ বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন মাসুদ হাসান উজ্জ্বল। সর্বশেষ ২০২০ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’।

বনলতা সেন

পরিচালনা: মাসুদ হাসান উজ্জ্বল

অভিনয়: মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মন্ডল, মায়মুনা মম

প্রযোজনা: সরকারি অনুদানে নির্মিত

সার্টিফিকেশন গ্রেড: ইউ (সব বয়সীদের জন্য)

গল্পসংক্ষেপ: জীবনানন্দ দাশের জীবন, তাঁর সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েন এ সিনেমার মূল বিষয়। শুধু জীবনানন্দ নন, তাঁর সমসাময়িক বাস্তব ও ঐতিহাসিক চরিত্রগুলোও কাল্পনিক আবহে তুলে আনা হয়েছে এতে।

মালিক

পরিচালনা: সাইফ চন্দন

অভিনয়: আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর

প্রযোজনা: ডিভাইন মাল্টিমিডিয়া

সার্টিফিকেশন গ্রেড: ইউ (সব বয়সীদের জন্য)

গল্পসংক্ষেপ: মালিক নামের এক জেদি যুবকের প্রতিশোধ, পারিবারিক আবেগ ও অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার গল্প। মায়ের সম্মান রক্ষায় এবং সামাজিক অধিকার আদায়ের মিশন নিয়ে মাঠে নামে মালিক। ভাগ্যচক্রে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে। নিজের ক্ষুরধার বুদ্ধি ও সাহসের জোরে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয় সে।

মাসুদ রানা

পরিচালনা: সৈকত নাসির

অভিনয়: রাসেল রানা, পূজা চেরী, সৈয়দা তিথি অমনি, অমিত হাসান

প্রযোজনা: ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও জাজ মাল্টিমিডিয়া

সার্টিফিকেশন গ্রেড: ইউ (সব বয়সীদের জন্য)

গল্পসংক্ষেপ: কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত। দেশের নিরাপত্তা রক্ষা ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্র নস্যাৎ করার এক জটিল মিশনে নামে মাসুদ রানা।

রইদ

পরিচালনা: মেজবাউর রহমান সুমন

অভিনয়: মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত

প্রযোজনা: বঙ্গ ও ফেসকার্ড প্রোডাকশন

সার্টিফিকেশন গ্রেড: ইউ (সব বয়সীদের জন্য)

গল্পসংক্ষেপ: প্রত্যন্ত জনপদে এক সাধু তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করে। স্ত্রীর পাগলামির কারণে একসময় বিরক্ত হয়ে সাধু তাকে বাড়ি থেকে অনেক দূরে রেখে আসার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই যখন সাধু তাকে ফেলে চলে আসে, বাড়ির পাশের তালগাছ থেকে একটি করে তাল ঝরে পড়ে এবং তার স্ত্রী ঠিকই আবার বাড়ি ফেরার পথ খুঁজে নেয়।

দ্বিতীয়বার স্বর্ণপাম জিতলেন রোমানিয়ান নির্মাতা ক্রিস্টিয়ান মুঞ্জিউ

‘মাইকেল’-এর সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা

আঁ সার্তে রিগায় ইতিহাস গড়ল নেপালি সিনেমা

শেষ হচ্ছে নেটফ্লিক্সের সিরিজ ‘এমিলি ইন প্যারিস’

কার হাতে উঠবে স্বর্ণপাম

‘মালিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা, সাত বছর পর ফিরছে শুভ-মিম জুটি

মার্কিন রাজনীতি ও ফিলিস্তিন ইস্যুতে সরব পেদ্রো

এ সপ্তাহের সিনেমা: আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, সিনেপ্লেক্সে ‘স্টার ওয়ারস’

চারুলতাই কি ঢাকা-১২০৫: নির্মাতার বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও আর্থিক অনিয়মের অভিযোগ প্রযোজকের

ঈদেই আসবে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’