অভিনয়ের টানে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এসেছিলেন তাসকিন রহমান। তবে চোখের সমস্যার কারণে ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান তিনি। এর পর থেকে আর শোবিজে পাওয়া যায়নি এই অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায়ও তেমন দেখা মেলে না তাঁর। অবশেষে বিরতি কাটিয়ে সিনেমায় ফিরছেন তাসকিন। তিনি অভিনয় করবেন ‘লিম্বো’ সিনেমায়। পরিচালনা করছেন তাসকিনের বড় ভাই তানিম রহমান অংশু।
অংশু বলেন, ‘লিম্বো সিনেমা নিয়ে তাসকিনের সঙ্গে আলাপ হয়েছে। সবকিছু ঠিক থাকলে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাসকিনকে। তবে সবকিছু নির্ভর করছে ওর শারীরিক অবস্থার ওপর।’
তাসকিনের শারীরিক অবস্থার খবর জানিয়ে অংশু বলেন, ‘তাসকিন চোখের নার্ভজনিত জটিলতায় ভুগছে। এখন আগের চেয়ে ওর শারীরিক অবস্থা ভালো। তবে আরও বেশ কিছুদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে। এখনো চিকিৎসা চলছে তার। এ কারণেই বিশেষ চরিত্রে ওকে ভাবা হয়েছে।’
দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাসকিন রহমানের। প্রথম সিনেমাতেই নজর কাড়েন এই অভিনেতা। চুক্তিবদ্ধ হতে থাকেন একের পর এক নতুন সিনেমায়। বিশেষ করে নেতিবাচক চরিত্রে তিনি হয়ে উঠেছিলেন নির্মাতাদের আস্থার পাত্র। সর্বশেষ বড় পর্দায় তাসকিনকে দেখা গেছে ২০২৩ সালে মুক্তি পাওয়া সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমায়। তবে সিনেমাটির শুটিং হয়েছিল বেশ কয়েক বছর আগে।
লিম্বো দিয়ে সাত বছর পর সিনেমা নির্মাণে ফিরছেন অংশু। নির্মাতা জানান, লিম্বো হবে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্সধর্মী চলচ্চিত্র। এখন চলছে শিল্পী বাছাইয়ের কাজ। এ বছরের শেষ দিকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে।