হোম > বিনোদন > সিনেমা

শুটিং শুরু করলেন তানভীর মোকাম্মেল

‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমার শুটিংয়ে চিত্রলেখা গুহ ও শিশুশিল্পী শ্রেয়া বৈদ্য। ছবি: সংগৃহীত

তিন বছরের বেশি সময় আগে পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন তানভীর মোকাম্মেল। পরিকল্পনাটা আরও আগের। অবশেষে সোজন বাদিয়ার ঘাট সিনেমার শুটিং শুরু করেছেন এই নির্মাতা। ২২ ফেব্রুয়ারি থেকে গোপালগঞ্জের সাতপার গ্রামে চলছে শুটিং।

সোজন বাদিয়ার ঘাট সিনেমার গল্পে দেখা যাবে, মধুমতী নদীর তীরে শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়—মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথি, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক একসময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। সোজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থে কবি জসীমউদ্‌দীন তাঁর গল্প বলেছেন কবিতার ছন্দে।

বিখ্যাত চরিত্র সোজন ও দুলী এবার বইয়ের পাতা থেকে উঠে আসবে সিনেমার পর্দায়। সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস, তাঁর ছোটবেলার চরিত্রে দেখা যাবে দিহানকে। অন্যদিকে পর্দায় দুলী হচ্ছেন রাদিফা নারমিন। শ্রেয়া বৈদ্য অভিনয় করছে দুলীর ছোটবেলার চরিত্রে। আরও আছেন চিত্রলেখা গুহ, কাজী রাজু, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল, রেজাউল করিম রেজা প্রমুখ।

নির্মাতার প্রযোজনা সংস্থা কিনো আই ফিল্মস থেকে জানানো হয়েছে, পল্লিকবি জসীম উদ্‌দীনের কালজয়ী কাব্যগ্রন্থ সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং চলছে পুরোদমে। পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। ক্যামেরার পেছনে তাঁর দক্ষ টিম—ক্যামেরাম্যান, শিল্প নির্দেশক ও সহকারী পরিচালকেরা মিলেই গড়ে তুলছেন গ্রামীণ বাংলার সেই চিরচেনা আবহ, প্রেম, বেদনা আর মানবিকতার গল্প।

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাতপার গ্রামে চলবে সিনেমার প্রথম অংশের কাজ। কয়েক দিনের বিরতি দিয়ে শুরু হবে পরবর্তী অংশের শুটিং। তবে এখনই সিনেমাটি নিয়ে বিস্তারিত বলতে চাইলেন না নির্মাতা তানভীর মোকাম্মেল। প্রথম অংশের শুটিং শেষ করে ঢাকায় ফিরে জানাবেন বিস্তারিত।

তানভীর মোকাম্মেলের সবশেষ সিনেমা ছিল ‘রূপসা নদীর বাঁকে’। এর আগে ‘নদীর নাম মধুমতি’, ‘চিত্রা নদীর পারে’, ‘জীবন ঢুলী’, ‘রাবেয়া’, ‘লালন’, ‘লালসালু’ নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ভৌতিক সিনেমা ‘স্ক্রিম ৭’

মুক্তির তালিকায় যেসব সিনেমা ও সিরিজ

কলকাতায় যেমন চলছে শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু

শংকরের উপন্যাস নিয়ে যত সিনেমা

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা