হোম > বিনোদন > সিনেমা

বাঁধন-ফারিয়াকে নিয়ে ‘লজ্জা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নুসরাত ফারিয়া ও বাঁধন। ছবি: সংগৃহীত

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনায় নির্মাণ করবে ‘লজ্জা’ নামের সিনেমা। এতে অভিনয় করবেন বাঁধন। তাঁর সঙ্গে থাকবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটি নিয়ে ইমপ্রেস ও জাজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর; জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজসহ অনেকে।

জানা গেছে, সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিত হবে লজ্জা। পরিচালনা করবেন এম এইচ খোকন। ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালে।

এদিকে এ বছরের শেষ দিকে বাঁধন শুরু করবেন মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমার শুটিং। এই সিনেমার গল্প একজন যৌনকর্মীকে ঘিরে, কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হয় সে। এতে আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন বাঁধন। আরও থাকছেন রোজিনা, ওমর সানী, মিশা সওদাগর, আমিন খান, টালিউডের মধুমিতা সরকারসহ অনেকে। আগামী বছর কোনো এক ঈদে গুলশানের চামেলি মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন নির্মাতা।

অন্যদিকে নুসরাত ফারিয়া সম্প্রতি শেষ করেছেন ‘লাপাত্তা’ নামের ওয়েব ফিল্মের শুটিং। কমেডি-থ্রিলার ঘরানায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে ফারিয়ার সঙ্গে আরও আছেন শাহরিয়ার নাজিম জয় ও নাসির উদ্দিন খান। এ বছরের শেষ দিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।