হোম > বিনোদন > সিনেমা

ইউনিভার্সালের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয় ‘দ্য ওডিসি’র

বিনোদন ডেস্ক

‘দ্য ওডিসি’ সিনেমার দৃশ্য; ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করল ‘দ্য ওডিসি’। শনিবার এই অর্জনের কথা ঘোষণা করেছে প্রযোজনা সংস্থাটি।

ইউনিভার্সাল পিকচার্সের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির ৫৭ দিন শেষে বিশ্বজুড়ে ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্য ওডিসি সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার অভ্যন্তরীণ বক্স অফিস থেকে এসেছে ৬০১ দশমিক ২ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১ দশমিক ০৮৩ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে ২০১৫ সালে মুক্তি পাওয়া ইউনিভার্সালের আরেক ব্লকবাস্টার ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর রেকর্ড (১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার) ভেঙে শীর্ষস্থান দখল করল ওডিসি।

গ্রিক কবি হোমারের ৩ হাজার বছরের পুরোনো মহাকাব্য অবলম্বনে নির্মিত হয়েছে দ্য ওডিসি। ২০০৯ সালের পর কোনো সিকুয়েল বা রিমেক ছাড়া আন্তর্জাতিক বাজারে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এটি। পাশাপাশি এটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ‘আর-রেটেড’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সিনেমা এবং আইম্যাক্স প্রযুক্তির ইতিহাসেরও সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র।

দ্য ওডিসি ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারের সবচেয়ে সফল সিনেমা। এর আগে তাঁর সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ (১ বিলিয়ন ডলারের বেশি)। ওয়ার্নার ব্রাদার্স ছেড়ে ইউনিভার্সালে যোগ দেওয়ার পর এটি নোলানের দ্বিতীয় বড় চমক; এর আগে ২০২৩ সালে একই স্টুডিওর ব্যানারে নির্মিত তাঁর ‘ওপেনহাইমার’ আয় করেছিল ৯৮৩ মিলিয়ন ডলার এবং সাতটি বিভাগে জিতেছিল অস্কার।

নোলানের দ্য ওডিসির এই অভাবনীয় সাফল্যের ওপর ভর করে ২০২৬ সালে বক্স অফিসে ৪ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে ইউনিভার্সাল পিকচার্স। দ্য ওডিসি ছাড়াও এ বছর সাফল্য পেয়েছে এই প্রযোজনা প্রতিষ্ঠানের অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজিগুলো—বিশেষ করে ‘দ্য সুপার মারিও ব্রাদার্স মুভি ২’ ও ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’।