প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
কর্তব্য (হিন্দি সিনেমা)
- মুক্তি: নেটফ্লিক্স (১৫ মে)
- অভিনয়: সাইফ আলি খান, রাশিকা দুগল, সঞ্জয় মিশ্র
- গল্পসংক্ষেপ: সৎ পুলিশ কর্মকর্তা পবন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আইনি মারপ্যাঁচে জড়িয়ে পড়ে সে। একই সঙ্গে তাকে নিজের নৈতিকতা ও ব্যক্তিগত জীবনের সংকটের মোকাবিলাও করতে হয়।
বার্লিন অ্যান্ড দ্য লেডি উইথ অ্যান এরমাইন (ইংরেজি সিরিজ)
- মুক্তি: নেটফ্লিক্স (১৫ মে)
- অভিনয়: পেড্রো আলোনসো, মিশেল জেনার, ইমা কুয়েস্তা প্রমুখ
- গল্পসংক্ষেপ: প্রথম সিজনের সাফল্যের পর এবার আরও এক দুঃসাহসিক অভিযান নিয়ে ফিরছে মানি হাইস্টের এই স্পিনঅফ সিরিজ। এবারের মিশনের কেন্দ্রে রয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির ‘দ্য লেডি উইথ অ্যান আরমাইন’। চিত্রকর্মটি চুরি করতে বার্লিন এক অভিনব মাস্টার প্ল্যান সাজায়। কিন্তু তার আসল লক্ষ্য, ডিউক অব মালাগা ও তার স্ত্রীর ওপর প্রতিশোধ নেওয়া।
এক্সাম (তামিল সিরিজ)
- মুক্তি: প্রাইম ভিডিও (১৫ মে)
- অভিনয়: দুশারা বিজয়ন, অদিতি বালান প্রমুখ
- গল্পসংক্ষেপ: সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার দুর্নীতি ও জালিয়াতির অন্ধকার দিক উঠে এসেছে ৭ পর্বের এ তামিল সিরিজে। এক দৃঢ়প্রতিজ্ঞ তরুণী এই স্ক্যামটি ফাঁস করতে চায়। ক্রমেই সে বুঝতে পারে, দুর্নীতির এই চেইন অনেক গভীর, যেখানে বিশাল অঙ্কের অর্থের লেনদেন হয়। একটি জালিয়াত চক্রের মুখোমুখি হয় সে।
ইন্সপেক্টর অবিনাশ সিং সিজন ২ (হিন্দি সিরিজ)
- মুক্তি: জিওহটস্টার (১৫ মে)
- অভিনয়: রণদীপ হুদা, উর্বশী রাউতেলা, অভিমন্যু সিং প্রমুখ
- গল্পসংক্ষেপ: ১৯৯০-এর দশকের উত্তরপ্রদেশের অপরাধ জগতের ওপর ভিত্তি করে দ্বিতীয় সিজনের কাহিনি। দেবী নামক এক গ্যাং লর্ড তার অবৈধ অস্ত্রের ব্যবসা ও অপরাধ জগৎ প্রসারিত করতে থাকে। পেশাগত এই চ্যালেঞ্জের মধ্যে ব্যক্তিগত জীবনেও সংকটের মুখে পড়ে ইন্সপেক্টর অবিনাশ।
দ্য ওয়ান্ডারফুলস (কোরিয়ান সিরিজ)
- মুক্তি: নেটফ্লিক্স (১৫ মে)
- অভিনয়: পার্ক উন বিন, লি দুং মিন প্রমুখ
- গল্পসংক্ষেপ: নতুন শতাব্দীর শুরুতে যখন মানুষ পৃথিবী ধ্বংসের ভয়ে আতঙ্কগ্রস্ত, সেই সময়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সুপারহিরো কমেডি সিরিজ। হোয়াসং শহরের কয়েকজন সাধারণ মানুষ হঠাৎ অতিমানবীয় ক্ষমতা লাভ করে। কিন্তু এই ক্ষমতা তারা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না, ফলে প্রায়ই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।