প্রথমবারের মতো মঞ্চনাটকের নির্দেশনা দিলেন প্রযোজক জান্নাতুল টুম্পা। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদ রচিত ও সূচনা থিয়েটার প্রযোজিত ‘অমানুষ’ নাটকের নির্দেশনা দিয়েছেন তিনি। ১৪ জুন যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউ ব্রান্সউইকে স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নাটকটির দুটি প্রদর্শনী হয়।
সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালের ২১তম বার্ষিক আসর উপলক্ষে মঞ্চস্থ হয় নাটকটি। উৎসব আয়োজন করেছে এপিক (এমপাওয়ারিং পিপল ইন্সপায়ারিং কমিউনিটি) এবং সহ-আয়োজক কোল্যাব আর্টস। নাটকের পোস্টার কনসেপ্ট ও ডিজাইন করেছেন রানা মাসুদ ও রাহি চৌধুরী।
প্রথমবার মঞ্চনাটকের নির্দেশনা দেওয়া প্রসঙ্গে জান্নাতুল টুম্পা বলেন, ‘প্রায় দুই দশক ধরে নাটক প্রযোজনা করছি। তাই নাটক নির্মাণকে খুব কাছ থেকে দেখার ও বোঝার অভিজ্ঞতা হয়েছে আমার। সেটা নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। পরিকল্পনা করে নির্দেশনায় আসা হয়নি। প্রখ্যাত নাট্যকার মামুনুর রশীদের ইচ্ছাতেই মূলত অমানুষ নাটকটি পরিচালনা করেছি। সবার সমর্থন পেলে নির্দেশনায় নিয়মিত হওয়ার ইচ্ছে রয়েছে।’
অমানুষ নাটকের মূল চরিত্র একজন আদর্শবাদী শিক্ষক। একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ গড়ার স্বপ্ন দেখে সে। কিন্তু চারপাশের দুর্নীতি, অনিয়ম আর সামাজিক চাপের মুখে সেই স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। ক্রমেই হতাশা ও মানসিক চাপে ভেঙে পড়া মানুষটি একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে চরম সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ে। তার স্ত্রী বোঝানোর চেষ্টা করে, স্বপ্ন ভেঙে ফেলা নয়, বরং তা ধরে রাখাই জীবনের আসল শক্তি।