আজ রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। সারা বিশ্বের মতো বিশ্বকাপ-জ্বরে কাবু বাংলাদেশও। অন্য সবার মতো বিনোদন অঙ্গনের তারকারাও মেতেছেন প্রিয় দল নিয়ে। অভিনয়ের ব্যস্ততার মাঝে তাঁরাও বসবেন টিভি পর্দার সামনে, উপভোগ করবেন প্রিয় দলের খেলা। কী ভাবছেন তারকারা এবারের বিশ্বকাপ নিয়ে, প্রিয় দলের কাছে প্রত্যাশাটাই বা কী। চলুন জেনে নেওয়া যাক...
মিশা সওদাগর, অভিনেতা
সব সময় আমি ব্রাজিলের সাপোর্টার। একসময় স্বপ্ন দেখতাম ফুটবলার হব। সে সময় সক্রেটিস, ফ্যালকাওরা ছিল ব্রাজিল দলে। সাম্বার তালে ফুটবল খেলে ব্রাজিল। তাদের খেলা যেন অন্য রকম ভালো লাগা। এবার বিশ্বকাপে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমি বিশ্বাস করি ব্রাজিল শিরোপা জিতবে।
মনির খান, সংগীতশিল্পী
আমি বরাবরই আর্জেন্টিনার খেলা ভালোবাসি। এবারের বিশ্বকাপেও এর ব্যতিক্রম নয়। এই দলের হয়ে খেলেছেন বিশ্বখ্যাত ফুটবলার ম্যারাডোনা। এখন রয়েছেন বিখ্যাত খেলোয়াড় মেসি। গত বিশ্বকাপে মেসি তাঁর অসাধারণ নৈপুণ্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন, দলকে শিরোপা এনে দিয়েছেন। এবারও তাঁর খেলা দেখার অপেক্ষায় আছি।
আজিজুল হাকিম, অভিনেতা
চার বছর পরপর পুরো বিশ্ব ফুটবল বিশ্বকাপের উৎসবে মেতে ওঠে। আমরা যারা ফুটবলপ্রেমী তারা এই উন্মাদনা উপভোগ করি। আমার প্রিয় দল জার্মানি। তারা টোটাল ফুটবল খেলে। তাদের খেলার মধ্যে দারুণ ছন্দ আছে। এটা আমার খুব ভালো লাগে। সব সময় চেষ্টা করি বিশ্বকাপের সময় জার্মানির সব খেলা দেখার। গত দুটি বিশ্বকাপে জার্মানি অতটা ভালো করেনি। আশা করছি, এবার তারা নিরাশ করবে না।
রওনক হাসান, অভিনেতা
ফুটবল বিশ্বকাপে আমি ব্রাজিলকে পাগলের মতো সাপোর্ট করি। আমি চাইব এবার ব্রাজিলের হেক্সা মিশন সাকসেস হবে। তবে মেসির খেলাও আমার ভালো লাগে। গত বিশ্বকাপে ব্রাজিল হেরে যাওয়ার পর খুব করে চেয়েছিলাম মেসির হাতে বিশ্বকাপ উঠুক। তেমনটাই হয়েছে। এবারও আর্জেন্টিনার ভালো সম্ভাবনা আছে।
আরফিন রুমি, সংগীতশিল্পী
আমার প্রিয় দল আর্জেন্টিনা, প্রিয় খেলোয়াড় মেসি। এবারও মেসির হাতে বিশ্বকাপ উঠুক এটাই চাই। তবে আর্জেন্টিনা অনেকটা আনপ্রেডিক্টেবল। আগে থেকে বোঝা যায় না কী করবে? নিরাশ করার পর আবার আশাও দেয়। গতবারও এমন দেখেছি। সত্যি বলতে আনপ্রেডিক্টেবল খেলা দেখতেই মজা।
শাহেদ শরীফ খান, অভিনেতা
ছোটবেলা থেকে আমি ফুটবলপ্রেমী। পড়ার টেবিলে বসে পড়ার সময় পায়ের কাছে বল থাকত। বল নাড়াতাম আর পড়তাম। গতবারের বিশ্বকাপটা আমার জন্য ছিল স্পেশাল। আমি আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। ফাইনাল খেলার সময় প্রেশার নিতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমার দল বিশ্বকাপ জিতেছে। কিন্তু এবার আমি পর্তুগালকে সাপোর্ট করছি। আমার ছেলেও পর্তুগালের সাপোর্ট করে। আমি চাই রোনালদো বিশ্বকাপটা জিতুক।
মনিরা মিঠু, অভিনেত্রী
ক্লাস টুতে পড়ার সময় আমার ভাইয়ের সঙ্গে বিশ্বকাপ দেখেছিলাম। তখন ছিল ম্যারাডোনার সময়। সেই থেকে আমি আর্জেন্টিনার সাপোর্টার। হারুক কিংবা জিতুক আমি সব সময় আর্জেন্টিনা। কখনোই দল পরিবর্তন করিনি, করবও না।
জাকিয়া বারী মম, অভিনেত্রী
আমার দল একটাই, আর্জেন্টিনা। গতবার বিশ্বকাপ জেতার পর মনে হচ্ছিল বিশ্বকাপটা আমি যেন ছুঁয়ে দেখছি। মেসির প্রতি এই ভালোবাসা আজীবন থাকবে। আমি খুব খুশি যে গতবারের দলের অনেকে এবারও খেলছেন। বিশ্বকাপের খেলা দেখার সময়টা একটু কঠিন হলেও আর্জেন্টিনার খেলাগুলো দেখার চেষ্টা করব। আমার ছেলে কিন্তু ব্রাজিল সাপোর্ট করে। তাই বিশ্বকাপের এই সময়টা খুব উপভোগ্য হবে।
জান্নাতুল সুমাইয়া হিমি, অভিনেত্রী
আমি খেলা ততটা বুঝি না। তবে ছোটবেলায় দেখতাম আমার বাবা ও ভাই ব্রাজিল সাপোর্ট করে। তাঁদের দেখে আমিও ব্রাজিলের সমর্থক। বলা যায় পারিবারিকভাবেই ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে এখন অনেক পচানি খাই। তবু আমি ব্রাজিল সাপোর্ট করি। আমার প্রিয় খেলোয়াড় নেইমার। এর আগে কাকাকে খুব ভালো লাগত।
নাজনীন নীহা, অভিনেত্রী
ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক। খেলা খুব গভীরভাবে বিশ্লেষণ করি না, কিন্তু মেসির খেলা দেখতে ভালো লাগে। এ কারণেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান তৈরি হয়েছে। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা শুরু হয়েছে। ছাদে ছাদে উড়ছে পতাকা। প্রিয় দলের খেলা দেখার জন্য অপেক্ষা করছি।