হোম > বিনোদন > সিনেমা

কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার, প্রযোজনা প্রতিষ্ঠানকে বয়কট

বিনোদন ডেস্ক

সংবাদ সম্মেলনে টালিউডের শিল্পীরা। ছবি: সংগৃহীত

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত ও বিচার এবং শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তার দাবিতে সরব টালিউডের শিল্পী ও কলাকুশলীরা। গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল টালিউড অভিনয়শিল্পীদের সংগঠন আর্টিস্ট ফোরাম। তবে মাত্র এক দিন শুটিং বন্ধ রাখার পর নতুন সিদ্ধান্ত এল।

গতকাল যে কর্মবিরতি শুরু হয়েছিল, তা আপাতত তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টালিউডের শিল্পীরা আজ থেকে আবার কাজ শুরু করবেন। তবে ম্য়াজিক মোমেন্টস এবং এ প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত কারও সঙ্গে আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সবাই।

সারা দিন কর্মবিরতি পালন শেষে গতকাল বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, যীশু সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, কৌশিক গাঙ্গুলী প্রমুখ। সেখানেই তাঁরা ঘোষণা করেন, ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আর কোনো শিল্পী, টেকনিশিয়ানরা কাজ করবেন না।

রঞ্জিত মল্লিক বলেন, ‘যে প্রযোজনা সংস্থার কাজ করতে গিয়ে রাহুলের মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে কাজ করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সত্য জানতে চাই। বলতেই হবে ঠিক কী ঘটেছিল ওখানে।’

প্রসেনজিৎ বলেন, ‘কাল (আজ) থেকে টেলিভিশন, সিনেমা—সবকিছুর কাজ শুরু হবে। তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন এবং এর সঙ্গে যুক্ত কারও সঙ্গে কোনো কাজ আমরা এই মুহূর্ত থেকে করব না। কারও সঙ্গে আমাদের লড়াই-ঝগড়া নেই। কিন্তু আমাদের পরিবারের একটা ছেলে চলে গেল। আট-নয় দিন অপেক্ষা করেছি। আমরা সত্যিটা জানতে চাই। পাবলিকলি ওদের জানাতে হবে, কী ঘটেছিল রাহুলের সঙ্গে।’

গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। সিরিয়ালটির প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। শুটিংয়ে লাইফগার্ড বা পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না রেখেই শট দিতে উত্তাল সমুদ্রে নামানো হয় রাহুলকে। এ ছাড়া রাহুলের মৃত্যুর পর প্রযোজক, পরিচালকসহ অনেকের পরস্পরবিরোধী মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন শিল্পী-কলাকুশলীরা।

বগুড়ায় তারার মেলা, কনকচাঁপা পেলেন আজীবন সম্মাননা

নাটকে অভিনয় করলেন শেখ সাদী, সঙ্গে মাহি

নতুন আয়োজনে ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’

আইটেম গানে অশ্লীলতার অভিযোগে বিপাকে সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি

নারায়ণগঞ্জে চালু হলো নতুন সিনেপ্লেক্স

পয়লা বৈশাখে আসছে পার্থ-সাফার ‘চা গরম’

বৈশাখীতে আজ শুরু হচ্ছে ‘ভিলেজ সোসাইটি’

সুচিত্রা সেনের জন্মদিনে ছাত্রী নিবাসের পুনর্নামকরণের দাবি

পয়লা বৈশাখ উপলক্ষে সমীরের নতুন গান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক