হোম > বিনোদন > টেলিভিশন

শেষ হচ্ছে ধারাবাহিক ‘দেনা পাওনা’, ঈদে বিশেষ পর্ব

বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দেনা পাওনা ঈদ স্পেশাল’ নাটকের দৃশ্যে শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র ও ইন্তেখাব দিনার। ছবি: সংগৃহীত

২০২৪ সালের নভেম্বরে সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। শুরুতে আট পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও দিনে দিনে বেড়েছে ধারাবাহিকটির পর্বসংখ্যা। ইতিমধ্যে ধারাবাহিকটি পার করেছে শত পর্বের মাইলফলক। এরপরেই দেনা পাওনা শেষ হওয়ার আভাস দিয়েছিলেন নির্মাতা কে এম সোহাগ রানা। গত মাসে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সবকিছুর শেষ আছে, শিগগির থেমে যাবে দেনা পাওনা। আনুষ্ঠানিকভাবে নির্মাতা জানালেন আগামী সোমবার ১২৪তম পর্ব দিয়ে শেষ হচ্ছে ধারাবাহিকটির প্রচার।

ফেসবুকে দেনা পাওনা নাটকের একটি ফটোকার্ড শেয়ার করে শেষ হওয়ার খবর দেন নির্মাতা। সেই কার্ডে নির্মাতার পক্ষ থেকে লেখা হয়েছে, ‘দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে সুন্দর একটি পথচলা শেষে আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে আমাদের চ্যানেলের সবার প্রিয় নাটক “দেনা পাওনা”। নাটকটিকে যেভাবে দর্শক নিজের করে নিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন, তা আমাদের সত্যি আবেগাপ্লুত করে।’

দেনা পাওনা নাটকের গল্পে এখন দেখা যাচ্ছে, খায়রুল জানতে পারে যে অফিসে সে চাকরি পেয়েছে সেই অফিসের বস তার আসল বাবা। চাকরি ছেড়ে দেয় সে। এদিকে নিপার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন—সব মিলিয়ে পাগলপ্রায় অবস্থা খায়রুলের।

শেষ পর্যন্ত খায়রুল কি তার আসল বাবাকে মেনে নেবে? নিপার সঙ্গে তার বিয়েটা কি হবে? এসব উত্তর জানা যাবে নাটকের শেষ দুই পর্বে। এতে খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। বিভিন্ন চরিত্রে আরও আছেন তাবাসসুম ছোঁয়া, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, সুষমা সরকার, এম এন ইউ রাজু প্রমুখ।

দেনা পাওনা নাটক শেষ হয়ে গেলেও ঈদের সময় আবার ফিরবে ধারাবাহিকটি। ঈদ উপলক্ষে নির্মাণ করা হয়েছে পারিবারিক গল্পের এ ধারাবাহিকের সাত পর্বের বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। নির্মাতা জানান, ঈদ স্পেশালের গল্পে ভিন্নতা আছে। যে গল্প দেনা পাওনায় দেখানো হয়নি সেই গল্প দেখবেন দর্শক। ঈদের পরদিন থেকে টানা সাত দিন সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বিশেষ এই সাত পর্ব।

শততম প্রদর্শনীতে বটতলা নাট্যদলের ‘খনা’ নাটক

ওটিটিতে আসছে ইরফান সাজ্জাদের সিনেমা

অস্কারে হলিউড তারকাদের সঙ্গে প্রিয়াঙ্কার নাম

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

দর্শকদের স্বাধীনতা পুরস্কার উৎসর্গ করলেন হানিফ সংকেত

মুক্তির তালিকায় রয়েছে যেসব সিনেমা ও সিরিজ

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

বগুড়ায় অনুষ্ঠিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫

নারী দিবস উপলক্ষে স্বপ্নদলের সম্মাননা প্রদান ও নাট্য প্রদর্শনী

প্রীতমের সঙ্গে মেহজাবীনের অ্যাকশন