হোম > বিনোদন > গান

নয় বছর পর এক গানে ইমরান-নওমি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা। ইমরান-নওমির প্রথম মিউজিক্যাল ফিল্ম ‘হৃদয়ের সীমানা’। প্রায় ৯ বছর পর আবার একসঙ্গে গান গাইলেন ইমরান ও নওমি। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল।

সবশেষ প্রায় ৯ বছর আগে জাহিদ আকবরের লেখা এবং ইমরানের সুর ও সংগীতে ‘আনমনা’ শিরোনামের একটি গান গেয়েছিলেন ইমরান ও নওমি। রুদ্র মাহফুজের পরিকল্পনায় গানটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছিলেন সাখাওয়াত মানিক, প্রকাশ করেছিল সিডি চয়েজ।

নওমি এখন কানাডায় স্থায়ী হয়েছেন। কিছুদিন আগে এসেছেন দেশে। দেশে ফিরেই গাইলেন ইমরানের সঙ্গে। ২১ ফেব্রুয়ারি রাতে ইমরানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। তবে এখনো গানের শিরোনাম ঠিক হয়নি।

দীর্ঘদিন পরে নওমির সঙ্গে গান গাওয়া নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘দীর্ঘদিন পর নওমি দেশে এসেছে। আবার কিছুদিন পর চলেও যাবে। এখন আর আগের মতো চাইলেই তাকে পাওয়া যায় না। তাই ভাবলাম তার সঙ্গে একটা গান করলে ভালো হয়। সেই ভাবনা থেকেই নওমিকে নিয়ে নতুন গান করা। আগেও আমরা বেশ কিছু মৌলিক গান গেয়েছি, সিনেমায় গেয়েছি। ভবিষ্যতেও আরও গান করার ইচ্ছে আছে। শ্রোতাদেরও চাওয়া ছিল আমাদের নতুন গান। আগেরবার যখন নওমি দেশে এসেছিল, তার সঙ্গে একটি ছবি পোস্ট করার পর সবাই জানতে চাইছিল আমাদের দুজনের নতুন গান কবে আসবে।’

নওমি বলেন, ‘ইমরান ভাই সব সময়ই আমার সঙ্গে যোগাযোগ রাখেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা। ক্যারিয়ারের শুরুর দিনগুলো কত সুন্দর ছিল আমাদের! সেই দিনগুলো অনেক মিস করি। এবার দেশে আসার পরে ইমরান ভাই আমাকে ডেকে গানটি গাওয়ালেন। খুব সুন্দর একটা গান হয়েছে। ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু গান একসঙ্গে করার। কানাডাতেও কয়েকটা গানের ভিডিও নির্মাণ করতে পারি।’

পবিত্র রমজান উপলক্ষে ছয় শিল্পীর কণ্ঠে ইসলামিক গান

সাত গান নিয়ে আবারও ঈদে আসছে ‘ইমরান শো’

চয়নিকার টেলিফিল্মে একসঙ্গে ডলি জহুর, সেলিম, দীপা ও রিচি

পিলখানা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাবেন খিজির হায়াত

বার্লিনালে শেষ পর্যন্ত রাজনৈতিক সিনেমার জয়

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

মোশাররফ-চঞ্চলকে নিয়ে সিনেমা বানাতে চান ব্রাত্য বসু

৬ সিনেমার টিভি প্রিমিয়ার

শংকরের উপন্যাস নিয়ে যত সিনেমা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান