হোম > বিনোদন > গান

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

(বাঁ থেকে) সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। ছবি: সংগৃহীত

প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্‌যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।

তিন শিল্পীর গাওয়া গানটির শিরোনাম ‘নারী যায় বাড়ি’। অসংখ্য জনপ্রিয় গানের নেপথ্যের দুই কারিগর শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান একত্র হয়েছেন এ গানে। শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গানটিতে সুর দিয়েছেন পিলু খান। আর সংগীত আয়োজন করেছেন মীর মাসুম। ৮ মার্চ নারী দিবসে গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস। গানটির অ্যানিমেশন ভিডিও বানিয়েছেন মীর হিশাম ও সারাফ চিশতী।

নারী যায় বাড়ি গান প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, ‘নারীরা আজীবন তাঁদের নিজের ঘর খুঁজে বেড়ান। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো ছেলেন ঘর। তাঁর নিজের ঘর কি তিনি কখনো খুঁজে পান? চিরন্তন এই প্রশ্ন নিয়ে লেখা হয়েছে গানটি।’

পিলু খান বলেন, ‘জঙ্গী ভাইয়ের সঙ্গে চার দশকে নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সে তালিকায় আরেকটি বিষয় যুক্ত হলো। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে এ গান।’

গানটি নিয়ে কোনালের মন্তব্য, ‘কিংবদন্তি দুজন মানুষের গান করতে পেরে আমি আনন্দিত। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারা আমার সংগীতজীবনের অনন্য অর্জন।’

একই ধরনের অনুভূতি ফুটে উঠেছে অন্তরার কথায়, ‘একজন নারী হিসেবে এমন কথার গানে নিজেকে খুঁজে পেয়েছি। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের মতো বরেণ্য মানুষের সান্নিধ্য আমার জন্য পরম পাওয়া।’

অন্যদিকে মাশা ইসলাম বলেন, ‘শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান আমাদের গানের জগতে দুই মহিরুহ। তাঁদের সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। সবার সঙ্গে গানটি করতে পেরে খুব ভালো লেগেছে। আশা করি, যাঁরা শুনবেন তাঁদেরও ভালো লাগবে।’

৮ মার্চ নারী যায় বাড়ি গানের ভিডিও আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলসহ শিল্পীদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ পাবে। শোনা যাবে একাধিক আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায়

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তানজিন তিশা

মারা গেছেন অভিনেতা বৈদ্যনাথ সাহা

তানজিন তিশার বিরুদ্ধে শুটিং সেটে সহশিল্পীকে মারধরের অভিযোগ

৯ বছর পর কুসুম সিকদারের নতুন গান, আসছে ওয়েব সিরিজ

নববর্ষে গাজী রাকায়েতের সিনেমা ‘মানুষটিকে দেখ’

ভিডিও বার্তায় আলভী বললেন, সন্দেহপ্রবণতার কারণে আমাদের সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল

টম-জেনডায়ার বিয়ের খবর

নিশোর ‘দম’ সিনেমার প্রচার শুরু