নাট্যসংগঠন স্বপ্নদলের প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অস্ট্রেলিয়ার নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্নের আমন্ত্রণে ৬ জুন শনিবার সন্ধ্যা ৬টায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে প্রযোজনাটির ৬৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর জন্য গত ২৯ মে মেলবোর্নে গিয়েছেন নির্দেশক জাহিদ রিপন ও অভিনেত্রী জুয়েনা শবনম। নাট্য মঞ্চায়ন ছাড়াও রেনেসাঁর আয়োজনে স্থানীয় নাট্যকর্মীদের জন্য বাংলা নাট্যরীতিবিষয়ক একটি কর্মশালা পরিচালনা করবেন জাহিদ রিপন।
হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক হেলেন কেলার নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে একক অভিনয় করেছেন জুয়েনা শবনম। প্রযোজনাটি এর আগে জাপানের টোকিওর বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে এবং ভারতের চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে ব্যাপক প্রশংসিত হয়েছে। পাশাপাশি ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারিত হয়েছে নাটকটি।
৬ জুন অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়। শুরুতেই থাকবে সংবর্ধনা অনুষ্ঠান। শিল্প-সংস্কৃতিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘মেডাল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া ২০২৬’ (ওএএম) অর্জন করায় রেনেসাঁর নাট্যজন কামারুজ্জামান বালার্ককে সংবর্ধনা দেওয়া হবে। এরপর শুরু হবে নাট্য প্রদর্শনী।
২০২৩ সালে জাহিদ রিপনের নির্দেশনায় রেনেসাঁর প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ প্রশংসা কুড়ায় মেলবোর্নে। পাশাপাশি অচলায়তন নির্মাণ-অভিযাত্রা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘বিয়ন্ড বাউন্ডারিজ’ (তৃতীয় ভুবন) বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয় এবং মেলবোর্নের সিনেপ্লেক্স শোবিজ সিনেমাসে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি এখন অস্ট্রেলিয়ার টিভি চ্যানেল এসবিএসে সম্প্রচারের জন্য সংরক্ষিত রয়েছে এবং যেকোনো সময়ে অন-ডিমান্ডে বিনা মূল্যে দেখা যাচ্ছে।
দৃষ্টি, বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রেরণায় সব ধরনের নেতিবাচকতার বিরুদ্ধে হেলেন কেলারের ঘুরে দাঁড়ানোর কাহিনি নিয়ে আবর্তিত নাটক হেলেন কেলার। এতে উঠে আসে নারী জাগরণ আর মানবতার পক্ষে এবং যুদ্ধ-ধ্বংস-সহিংসতা-বর্ণবাদ তথা অস্ত্রের বিরুদ্ধে তাঁর স্পষ্ট অবস্থানের কথা।
হেলেন কেলারের জন্মদিবস স্মরণে স্বপ্নদলের উদ্যোগে ২৮ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে হেলেন কেলার নাটকের প্রদর্শনী আয়োজন করা হবে।