হোম > বিনোদন > হলিউড

শার্লক হোমসকে নিয়ে প্রাইম ভিডিওর সিরিজ

বিনোদন ডেস্ক

স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি করা কাল্পনিক গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এ চরিত্র নিয়ে ২০০৯ সালে ‘শার্লক হোমস’ ও ২০১১ সালে ‘শার্লক হোমস: আ গেম অব শ্যাডোস’ নামে দুটি সিনেমা বানান ব্রিটিশ নির্মাতা গাই রিচি। তাতে মূল চরিত্রে অভিনয় করেন রবার্ট ডাউনি জুনিয়র। গাই রিচি আবারও আসছেন শার্লক হোমসের গল্প নিয়ে। তবে এবার সিনেমা নয়, বানিয়েছেন সিরিজ। ‘ইয়াং শার্লক’ নামের এ সিরিজে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে ব্রিটিশ অভিনেতা হিরো ফিয়েনস টিফিনকে।

ইয়াং শার্লক সিরিজের প্রেক্ষাপট ১৮৭০ সালের ইংল্যান্ডের অক্সফোর্ড শহর। তখনো গোয়েন্দা হিসেবে শার্লক হোমস এতটা বিখ্যাত হয়ে ওঠেনি। সমাজের চোখে ততটা সম্মানিতও নয়। ওই সময়ে শার্লকের সঙ্গে পরিচয় ঘটে জেমস মরিয়ার্টির, যে পরবর্তী সময়ে হয়ে উঠবে ভয়ংকর সব অপরাধের মাস্টারমাইন্ড। একটি খুনের অভিযোগে পুলিশের সন্দেহের তালিকায় আসে শার্লকের নাম। নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে সে। এই হত্যারহস্যের তদন্তে নেমে শার্লক হোমস আবিষ্কার করে, এর পেছনে আছে এক আন্তর্জাতিক চক্র। এ ঘটনা পুরোপুরি বদলে দেয় শার্লকের জীবন।

সম্প্রতি ইয়াং শার্লক সিরিজের ট্রেলার প্রকাশ করেছে প্রাইম ভিডিও। বুদ্ধির খেলার পাশাপাশি অস্ত্র ও বোমার তাণ্ডবও দেখা গেছে ট্রেলারে। এতে হিরো ফিয়েনস টিফিন ছাড়াও অভিনয় করেছেন ডোনাল ফিন, জাইন সেং, জোসেফ ফিয়েনস, নাতাশা ম্যাকেলহোন, কলিন ফার্থ, ম্যাক্স আয়রনস প্রমুখ। স্যার আর্থার কোনান ডয়েলের রচনার অনুপ্রেরণায় লেখা অ্যান্ডি লেনের ‘ইয়াং শার্লক হোমস’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ পারখিল। জানা গেছে, ইয়াং শার্লক সিরিজটি দেখা যাবে মোট আটটি পর্বে। প্রাইম ভিডিওতে প্রকাশ পাবে আগামী ৪ মার্চ।

অন্যদিকে, শোনা যাচ্ছে, সিরিজের পর আবারও শার্লক হোমসকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন গাই রিচি। তাতে তৃতীয়বারের মতো বিশ্ববিখ্যাত এ গোয়েন্দা চরিত্রে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। প্রাথমিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’ এ দুই সিনেমার কাজ শেষ করে শার্লক হোমসে ফিরবেন রবার্ট ডাউনি জুনিয়র।

নির্বাচন নিয়ে তারকাদের প্রত্যাশা

ভালোবাসা দিবসে এটিএন বাংলায় ‘পাঁচফোড়ন’

আলেয়া ফেরদৌসীর নির্দেশনায় একুশে ফেব্রুয়ারির নাটকে পুতুল

হল না পেয়ে হতাশ নির্মাতা ইউটিউবে মুক্তি পাচ্ছে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’

দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল হলিউডের তিন সিনেমা

শেষ হলো আমার ভাষার চলচ্চিত্র উৎসব

প্লেব্যাকে অবসরের পর প্রথমবার মঞ্চে অরিজিৎ, গাইলেন নতুন গান

হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন খুব আনন্দ হচ্ছিল: আজমেরী হক বাঁধন

পরীমণির ক্ষোভ, সাবিলার সতর্কবার্তা

যাত্রাশিল্পের নিবেদিত প্রাণ মিলন কান্তি দের প্রয়াণ